নীলফামারী ডিমলার তিস্তায় জেগে ওঠা চরে সবুজের সমারোহ
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : এক সময় যে তিস্তার বুকজুড়ে ছিল প্রমত্ত স্রোত আর বর্ষার ভয়াল রূপ, সেই নদীর বুকে এখন ধু-ধু বালুচর। তবে সেই বালুচর আর পতিত নেই। পলি মিশ্রিত উর্বর জমিতে সবুজের সমারোহ।
যত দূর চোখ যায়, বিস্তীর্ণ চর জুড়ে শোভা পাচ্ছে ভুট্টা, তরমুজ, মিষ্টি কুমড়া, পেঁয়াজ, রসুনসহ নানা রবিশস্য। নদী ভাঙনে নি:স্ব হওয়া মানুষগুলোই এখন তিস্তার বুকে জেগে ওঠা চরে ফসল ফলিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন বুনছেন।
নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদীবেষ্টিত চরাঞ্চল ঘুরে দেখা গেছে, হাজার হাজার হেক্টর চরজমিতে চলছে রবিশস্য ও শাকসবজির আবাদ। বর্ষায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সাথে বয়ে আসা বালি ও পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে নতুন নতুন চর জেগে উঠছে। এসব চরে পলি মিশ্রিত মাটির কারণে বিভিন্ন ফসলের ভালো ফলন হওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে।
চলতি মৌসুমে উপজেলার দোহলপাড়া, কিসামত ছাতনাই, চরখড়িবাড়ী, ছাতুনামা ও বাইশপুকুরসহ বিভিন্ন চরাঞ্চলে ভুট্টা, মিষ্টি কুমড়া, তরমুজ, পেঁয়াজ, রসুন, মরিচ, বাদাম, মিষ্টি আলু, করলা, বেগুন ও বিভিন্ন শাকসবজির আবাদ হয়েছে। গত বর্ষায় আমন ধানের ক্ষতি পুষিয়ে নিতে কৃষকরা এবার আগাম রবিশস্য চাষে ঝুঁকেছেন।
আরও পড়ুনঝুনাগাছ চাপানী ইউনিয়নের ছাতুনামা চর এলাকার কৃষক রবিউল ইসলাম ও পারভীনা আক্তার জানান, ধান ও গমের তুলনায় রবিশস্য ও সবজি চাষে লাভ বেশি। বিশেষ করে ভুট্টা চাষে ভালো মুনাফার সম্ভাবনা রয়েছে। প্রতি বিঘায় ৪০ থেকে ৪৩ মণ ভুট্টা উৎপাদন হয়। যার বাজারমূল্য প্রায় ৩২ থেকে ৩৫ হাজার টাকা। বিপরীতে সার, সেচ ও পরিচর্যাসহ উৎপাদন খরচ পড়ে ১১ থেকে ১২ হাজার টাকা। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভালো লাভের আশা করছেন তারা।
স্থানীয় কৃষকদের মতে, তিস্তার ভাঙনে জমি-ভিটা হারিয়ে অনেক পরিবার একসময় নি:স্ব হয়ে পড়েছিল। এখন সেই নদীর বুকে জেগে ওঠা চরই তাদের জীবিকার নতুন অবলম্বন। সরকারি কৃষি প্রণোদনায় বিনামূল্যে সার ও বীজ পেয়ে অনেক কৃষক নতুন করে আবাদে উৎসাহিত হয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল-বান্না জানান, তিস্তার চরাঞ্চলের পলি মিশ্রিত মাটি পেঁয়াজ, রসুন, ভুট্টা, কাউন, মিষ্টি কুমড়া, বাদাম, তরমুজ ও মিষ্টি আলু চাষের জন্য বেশ উপযোগী। কম খরচে তুলনামূলক বেশি ফলন ও লাভের সম্ভাবনা থাকায় কৃষকরা বিশেষ করে ভুট্টা চাষে বেশি আগ্রহী হচ্ছেন। কৃষকদের আগাম জাতের রবিশস্য আবাদে উদ্বুদ্ধ করার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন







