রংপুরে ২৪ ঘণ্টায় তিন বাসে আগুন, আতঙ্কে পরিবহন মালিকরা
রংপুর প্রতিনিধি : রংপুর নগরীতে একের পর এক বাসে অগ্নিসংযোগের ঘটনায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবহন মালিকরা। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে রংপুর-দিনাজপুর-ঢাকা মহাসড়কের প্রায় চারশ’ মিটারের মধ্যে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনায় নগরজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পরিবহন খাতে নাশকতার আশঙ্কা বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় রংপুর মোটর মালিক সমিতির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় রাত্রীকালীন টহলের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে বাসস্ট্যান্ড ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন পরিবহন মালিকরা। ক্ষতিগ্রস্ত বাসের মালিকদের অভিযোগ, রংপুরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, সন্ত্রাস ও নাশকতার অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানিয়েছেন তারা।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে নগরীর মা ও শিশু হাসপাতালের বিপরীতে একটি গ্যারেজে রাখা শাপলা পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৩-১৮৫৬) একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গ্যারেজের মালিক সাজু মিয়া জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর মেরামতের জন্য বাসটি সেখানে রাখা হয়েছিল। ভোরে কে বা কারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
গ্যারেজের নৈশপ্রহরী সিরাজুল ইসলাম জানান, রাত সাড়ে তিনটার দিকে মুখে মাস্ক পরিহিত কয়েকজন যুবক গ্যারেজে প্রবেশ করে বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাসটির মালিক মিঠু মিয়া বলেন, আমার বাসটিতে গানপাউডার ছিটিয়ে আগুন লাগানো হয়েছে। এভাবে চলতে থাকলে আমরা পরিবহন মালিকরা সড়কে গাড়ি চালানো বন্ধ রাখতে বাধ্য হব। আশা করছি, সরকার ও প্রশাসন দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
আরও পড়ুনরংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ারুল হক জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এর আগে বুধবার বিকেলে টার্মিনাল রোডসংলগ্ন মৎস্য আড়তের বিপরীতে মালেকের গ্যারেজে পার্কিং করে রাখা হৃদয়-তাহসিন পরিবহনের একটি বাস আগুনে পুড়ে যায়। এ ঘটনায় পুলিশের দাবি, ওয়ার্কশপে মেরামতের সময় ওয়েল্ডিংয়ের আগুন থেকে বাসটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে বাস মালিকের দাবি, পরিকল্পিত নাশকতার অংশ হিসেবেই বাসটিতে আগুন দেওয়া হয়েছে।
এ ছাড়া বুধবার ভোররাতে নগরীর পর্যটন মোটেলের সামনে লুমিনাস ক্যাডেট কোচিংয়ের পার্কিংয়ে থাকা শিক্ষার্থী পরিবহনের একটি বাসে (রংপুর মেট্রো-জ-১১-০০০১) আগুন দেওয়া হয়। বুধবারের দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মামলা পুলিশ গ্রহণ করলেও অপর ঘটনায় মামলা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি) সনাতন চক্রবর্তী জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অন্য এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাগুলোর সঙ্গে এসব ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, আমাদের প্রাথমিক ধারণা, এসব ঘটনা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘটিয়েছে। তবে কীভাবে আগুন লাগানো হয়েছে এবং এতে কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য করুন


_medium_1795097065.jpg)




