শরীয়তপুরের জাজিরায় জমিতে ককটেল বিস্ফোরণে আহত ৩
শরীয়তপুরের জাজিরায় ফসলি জমিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে এক যুবকের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের বালিয়াকান্দিতে ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জালাল জমাদ্দারের বাড়ির পাশের একটি ফসলি জমিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতরা হলেন ওই এলাকার তারামিয়া জমাদ্দারের ছেলে নয়ন জমাদ্দার (৩০), মজিদ জমাদ্দারের ছেলে আনোয়ার জমাদ্দার (৫০) এবং আনোয়ার জমাদ্দারের ছেলে আরমান জমাদ্দার (১৭)। এদের মধ্যে নয়ন জমাদ্দারের অবস্থা গুরুতর।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে সেনেরচর ইউনিয়নের বালিয়াকান্দি এলাকায় চেয়ারম্যান জালাল জমাদ্দারের বাড়ির পাশের একটি ফসলি জমিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নয়ন জমাদ্দার, আনোয়ার জমাদ্দার ও আরমান জমাদ্দার আহত হন। স্থানীয়দের ধারণা, জমিতে ককটেল শুকানোর সময় অসাবধানতাবশত এ বিস্ফোরণ ঘটে।
তবে আহতদের স্বজনদের দাবি, স্থানীয় বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে।
আরও পড়ুনস্থানীয় কৃষক ছায়েদ জমাদ্দার বলেন, আমি পাশের একটি খেতে কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি তিনজন আহত অবস্থায় পড়ে আছে। তাদের মধ্যে নয়নের অবস্থা গুরুতর ছিল। পরে শুনেছি, তাদের ওপর নাকি বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে কারা বোমা নিক্ষেপ করেছে, তা আমি নিজে দেখিনি।
সেনেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল জমাদ্দার বলেন, বিষয়টি সম্পর্কে অবগত নই।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






