দাগনভূঞায় বাড়ছে চুরি-ডাকাতি, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক
ফেনীর দাগনভূঞা পৌর শহরে দিন দিন চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-আতঙ্ক দেখা দিয়েছে। একের পর এক ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
সর্বশেষ পৌরসভার পুরাতন থানা রোডে আজ সোমবার (১৬ নভেম্বর) সকালে বাংলাদেশ আইপিএস সেন্টারে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক আবদুল্লাহ আল হারুন।
দোকান মালিক আবদুল্লাহ আল হারুন জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। পরদিন সকালে এসে দোকানের শাটারের তালা খোলা দেখতে পান। পরে দোকানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে একজন ব্যক্তিকে দোকানের মূল্যবান মালামাল নিয়ে যেতে দেখেন। সিসিটিভিতে দেখা যায় সকাল ৭.২০ মিনিটে সে দোকানে প্রবেশ করে।
তার ধারণা, চোর প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। সিসিটিভি ফুটেজ দেখে চোরকে শনাক্ত করে আইনের আওতায় আনার অনুরোধ জানিয়েছেন তিনি।
এর আগে গত ১১ নভেম্বর রাতে একই পৌর শহরের একই সড়কে ইউছুফ হার্ডওয়্যার দোকানে চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানা গেছে।
পরপর ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বাড়ছে। বিশেষ করে রাতের বেলায় দোকানপাটের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, এভাবে চুরির ঘটনা চলতে থাকলে ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।
আরও পড়ুনএ ছাড়া গত ৭ অক্টোবর উপজেলার গজারিয়া হাই স্কুলে তালা ভেঙে আটটি সিলিং ফ্যান, পানির টিউবওয়েল ও বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। একই সময়ে আতাতুর্ক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ল্যাপটপ, কম্পিউটার, সিসি ক্যামেরার ডিভিআর, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরির ঘটনা ঘটে।
এছাড়াও আলাইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও চুরির ঘটনা ঘটে।
এ বিষয়ে দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন জানান, বাজারে নাইট গার্ড বৃদ্ধি ও টহল জোরদার করা হয়েছে। তারা সকাল ৬টায় ডিউটি শেষ করে বাড়িতে চলে যান কিন্ত চোরের দল কৌশলগত পরিবর্তন করে সকাল ৭টার পরে দোকানের হুক ও তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। জনসমাগম সময় চুরি হওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন পাশাপাশি দোকানদারদের শক্তিশালী তালা ও মজবুত হুক ব্যবহার করার অনুরোধ জানান।
দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজীম নোমান জানান, সকালে দোকান চুরির ঘটনায় দোষীদের গ্রেফতারের বিষয়ে পুলিশ কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে চোর শনাক্তে পুলিশ অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1794837037.jpg)
