ভিডিও রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৬ ০১:৫৭ পিএম

১১ জনের রোনালদোর পর্তুগালকে ৪ গোল দিলো ডেনমার্ক

১১ জনের রোনালদোর পর্তুগালকে ৪ গোল দিলো ডেনমার্ক

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসরের ঘোষণার পর প্রথম ম্যাচে মাঠে নেমেই হারের তিক্ত স্বাদ পেয়েছে পর্তুগাল। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে দলে না থাকলেও রোনালদোকে আবেগঘন বিদায় জানাতে দলের সবাই ৭ নম্বর জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। কিন্তু এমন ম্যাচে বাজেভাবে হেরেছে পর্তুগাল। উয়েফা নেশন্স লিগের ম্যাচে ডেনমার্কের কাছে ৪-১ ব্যবধানে হেরেছে পর্তুগীজরা। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার রাসমুস হজলুন্ডের জোড়া গোলে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ডেনমার্ক।

২০০৩ সালে পর্তুগালের হয়ে অভিষেকের পর জাতীয় দলের জার্সিতে ২৩৪ ম্যাচ খেলেছেন রোনালদো, করেছেন ১৪৬ গোল। দুটিই আন্তর্জাতিক ফুটবলে বিশ্বরেকর্ড। পাঁচবার জিতেছেন ব্যালন ডি’অর। তবে গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৪১ বছর বয়সী এই তারকা। 

ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দেওয়া রোনালদোকে উয়েফা নেশন্স লিগে ডেনমার্ক এবং ওয়েলসের বিপক্ষে ম্যাচে খেলানো হতো বলে জানিয়েছিলেন কোচ হোর্হে জেসুস। কিন্তু সেপ্টেম্বরে ডেনমার্কের বিপক্ষে প্রথম ম্যাচে শুরুর একাদশে থাকবেন না জানার পর পর্তুগালের ক্যাম্প ছেড়েছিলেন এই ফরোয়ার্ড। সে ঘটনায় তাকে ২১৫ পাউন্ড জরিমানা ও ৩০ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

শনিবার ব্রাগায় অনুষ্ঠিত ম্যাচে রোনালদোকে বিশেষভাবে স্মরণ করেন পর্তুগালের খেলোয়াড় ও সমর্থকেরা। মাঠে নামার সময় খেলোয়াড়দের পাশাপাশি মাসকটদের গায়েও ছিল ‘রোনালদো ৭’ লেখা জার্সি। গ্যালারির ওপরের অংশে সমর্থকেরা ফুটিয়ে তোলেন ‘রোনালদো’ নাম, নিচের অংশে সাজান ‘গোট’ (গ্রেটেস্ট অব অল টাইম) শব্দটি। মাঠে একটি ব্যানারও ছিল, যেখানে ‘ধন্যবাদ, অধিনায়ক’ লেখা ছিল। ম্যাচের সপ্তম মিনিটে স্কোরবোর্ডেও ভেসে ওঠে একই বার্তা। কিন্তু রোনালদোকে ঘিরে আবেগঘন আয়োজনের রেশ মাঠে ধরে রাখতে পারেনি পর্তুগাল। বরং দাপুটে জয় তুলে নেয় ডেনমার্ক।

আরও পড়ুন

প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে ডেনমার্ককে এগিয়ে দেন সাবেক সাউদাম্পটন ও টটেনহাম মিডফিল্ডার পিয়েরে-এমিল হইবিয়ার্গ। রুবেন দিয়াজের হ্যান্ডবলের সিদ্ধান্তে পেনাল্টি পায় সফরকারীরা। দ্বিতীয়ার্ধের শুরুতে মাত্র আট মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন ইতালিয়ান ক্লাব নাপোলিতে খেলা হজলুন্ড। এরপর ৭৫ মিনিটে জোয়াকিম অ্যান্ডারসেনের হেডে ব্যবধান ৪-০ করে ডেনমার্ক। ফুলহামের এই ডিফেন্ডারের গোলে বড় জয় নিশ্চিতের পথে এগিয়ে যায় দলটি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জোয়াও নেভেসের ফিরতি বল থেকে কাছ থেকে গোল করে পর্তুগালের হয়ে ব্যবধান কমান রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার বের্নার্দো সিলভা। তবে তাতে হারের ব্যবধানই শুধু কমেছে।

নেশন্স লিগে প্রথম চার ম্যাচ জিতে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল পর্তুগাল। গ্রুপসেরা হয়ে পরের পর্বে যেতে মঙ্গলবার, ১৭ নভেম্বর কার্ডিফে ওয়েলসের বিপক্ষে হার এড়াতে হবে তাদের।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ জনের রোনালদোর পর্তুগালকে ৪ গোল দিলো ডেনমার্ক

১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি: উপকূলীয় এলাকার অস্তিত্ব সংকট

২

হত্যার আধাঘণ্টা পরে ঘটনাস্থলে ফিরে ঘাতক বলল ‘আমি মেরেছি’

৩

হৃদয় ভেঙে গেছে, পুরো জাতির জন্যও এটা অনেক বড় কষ্টের : হামজা

৪

ভোলায় আরও একটি গ্যাস কূপের সন্ধান

৫

সরকার গঠনে আইজেনকোটকে নতুন প্রস্তাব নেতানিয়াহুর

৬