ভিডিও রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৬ ০১:৪৪ এএম

প্রযুক্তিনির্ভর নজরদারিতে অপরাধ প্রতিরোধ করতে চাই: ববি হাজ্জাজ

ছবি : সংগৃহীত, প্রযুক্তিনির্ভর নজরদারিতে অপরাধ প্রতিরোধ করতে চাই: ববি হাজ্জাজ

অপরাধ ঘটার পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রযুক্তির ব্যবহার, পরিকল্পিত নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধে কাজ করছে সরকার বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের একটি কমিউনিটি সেন্টারে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, সিসিটিভি নজরদারি ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ জানান, মোহাম্মদপুর ও ঢাকা-১৩ এলাকাকে নিরাপদ করতে ১৫টি গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশন ও জুম সুবিধাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বসিলা চৌরাস্তা, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও আসাদগেটসহ গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থল এই নজরদারির আওতায় রয়েছে। আগামী এক বছরের মধ্যে ক্যামেরার সংখ্যা কয়েকশতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, থানা পুলিশের সহযোগিতায় অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে ক্যামেরা স্থাপন করা হয়েছে। মোহাম্মদপুর, আদাবর ও আশপাশের থানার তথ্যের ভিত্তিতে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জেনেভা ক্যাম্পের প্রবেশপথেও বিশেষায়িত গোপন ক্যামেরা বসানো হয়েছে। এসব ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জুলাই স্মৃতি জাদুঘরে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ঢাকা মহানগর পুলিশ সহায়তা পেয়েছে।

নজরদারি আরও সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করতে ঢাকা-১৩ এলাকাকে ৭০টি মহল্লায় ভাগ করে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কমিটিতে মসজিদ ও মন্দির, মার্কেট ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের রাখা হবে।

প্রতিমন্ত্রী জানান, নিরাপত্তার স্বার্থে সিসিটিভির ফুটেজ সবার জন্য উন্মুক্ত থাকবে না। সংশ্লিষ্ট থানা, ট্রাফিক বিভাগ ও দায়িত্বপ্রাপ্ত মহল্লা কমিটির নির্ধারিত প্রতিনিধিরা প্রয়োজন অনুযায়ী ফুটেজ ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে উৎসাহিত করা হচ্ছে।

আরও পড়ুন

ভবিষ্যতে বিপুলসংখ্যক ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনার কথাও জানান তিনি। এর মাধ্যমে অস্বাভাবিক ও সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্ত করে সংশ্লিষ্ট থানা ও পুলিশ সদস্যদের কাছে দ্রুত সতর্কবার্তা পাঠানো হবে।

ছিনতাই নিয়ন্ত্রণে অগ্রগতি তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, সমন্বিত সিসিটিভি নজরদারি, সড়কবাতি স্থাপন ও পুলিশের নিয়মিত তৎপরতায় কয়েকটি অপরাধপ্রবণ স্থানে ছিনতাইয়ের ঘটনা শূন্যের কোঠায় নেমেছে। তবে কিছু এলাকায় এখনো অপরাধের প্রবণতা রয়েছে। সেসব স্থান চিহ্নিত করে সংশ্লিষ্ট থানাগুলোকে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শুধু ক্যামেরা স্থাপন করে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। পুলিশের টহল, জনবল ও লজিস্টিক সক্ষমতা বাড়ানোও জরুরি। মোহাম্মদপুর থানার বিস্তীর্ণ এলাকার কারণে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাতে যে সমস্যা হয়, তা সমাধানে অতিরিক্ত টহল গাড়ি ও পুলিশি সক্ষমতা বাড়ানোর বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি বড় ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা, হাসপাতাল ও মার্কেট কর্তৃপক্ষের সহযোগিতায় স্থানীয় নিরাপত্তাব্যবস্থা জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

নিরাপদ মোহাম্মদপুর ও সুশৃঙ্খল ঢাকা-১৩ গড়ে তুলতে জনপ্রতিনিধি, পুলিশ, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, নাগরিকের নিরাপত্তা ও স্বস্তিই সর্বোচ্চ অগ্রাধিকার।

প্রেস ব্রিফিংয়ে ডিএমপির ট্রাফিক-তেজগাঁও বিভাগ, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রযুক্তিনির্ভর নজরদারিতে অপরাধ প্রতিরোধ করতে চাই: ববি হাজ্জাজ

১

তিন মুসলিম দেশে মার্কিন সহায়তা বন্ধের দাবি এল-সায়েদের

২

রাজধানীতে বহুতল ভবনে আগুন

৩

বগুড়া শজিমেক হাসপাতালে ছয়তলা থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

৪

ফ্যাসিবাদের দোসররা নতুনভাবে ষড়যন্ত্র করছে: সাদিক কায়েম

৫

রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, এলাকায় আতঙ্ক

৬