বগুড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ভোগান্তি, সিম ও মোবাইল অ্যাকাউন্টের জটিলতা
শহর প্রতিনিধি : বগুড়ায় নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড’ শুমারির দ্বিতীয় ধাপের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। ২ নভেম্বর শুরু হওয়া এ কার্যক্রম চলবে ৪৫ কার্যদিবস। সিটি কর্পোরেশন এলাকায় ২২৫ জন স্থানীয় বেকার তরুণ-তরুণী তথ্যসংগ্রহকারী হিসেবে কাজ পেয়েছেন।
সমাজসেবা অধিদপ্তর ও সিটি কর্পোরেশনের নিয়োগ দেওয়া তথ্যসংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য নিচ্ছেন। এ জন্য পরিবারের সব প্রাপ্তবয়স্কের জাতীয় পরিচয়পত্র, শিশুদের জন্মনিবন্ধন সনদ এবং পরিবারে নারী প্রধানের নিজ নামে নিবন্ধিত সচল মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট (নগদ, বিকাশ বা রকেট) প্রয়োজন হচ্ছে।
ফ্যামিলি কার্ডে তালিকাভুক্তির জন্য সরকারি কোনো ফি নেই। তবু সাধারণ মানুষের কাছ থেকে নানা অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে পরিবারের খানা প্রধান নারীদের অভিযোগ, দীর্ঘদিন ব্যবহৃত নম্বর নিজের নামে না থাকায় তাদের নতুন সিম কিনে অ্যাকাউন্ট খুলতে হচ্ছে। কারও জাতীয় পরিচয়পত্রে আগেই পরিবারের অন্য কেউ অ্যাকাউন্ট খুলে রাখায় নতুন নিবন্ধন আটকে যাচ্ছে।
বগুড়া সিটি কর্পোরেশনের ৮নম্বর ওয়ার্ডের মালগ্রাম সংযোগ সড়কের মুখের সীম বিক্রেতা ও মোবাইল ব্যাংকিং এ্যাকাউন্ট নিবদ্ধন করে দেয় এমন একটি দোকানে কথা বললে, নতুন সীম কেনা ও বিকাশ এ্যাকাউন্ট সংক্রান্ত অভিযোগের সাথে সহমত পোষণ করে তিনি জানান- কয়েকদিন যাবত নতুন সীম কেনা ও বিকাশ এ্যাকাউন্ট খুলে নেওয়ার চাহিদা বৃদ্ধি পেয়েছে।
তারা চাহিদা বৃদ্ধি পাওয়ায় একরকম বিনা নোটিশেই মূল্য বৃদ্ধি করেছে। বিকাশের সার্ভারে সময়ক্ষেপণ হচ্ছে এবং বাড়তি চাপ অনেকসময় সার্ভিস চার্জ নিয়ে তারা গ্রাহকদের এ্যাকাউন্ট খুলে দিচ্ছেন। এ মাস থেকে বিকাশে নিবন্ধন পর সর্বনিম্ন ব্যালেন্স রাখতে হবে ২০০ টাকা।
ওই ওয়ার্ডের বৃহত্তর এলাকা মালগ্রামের পঞ্চাশোর্ধ্ব একাধিক নারী জানান, নতুন সিমে ২৫০ টাকা, দোকানিকে নিবন্ধনে ৫০ টাকা, ব্যালান্সে ৩০০ টাকা এবং নাতির জন্মসনদ ও স্বামীর মৃত্যুসনদে সরকারি ফির বাইরে আরও ৫০০--৬০০ টাকা লেগেছে।
আরও পড়ুনযাতায়াতসহ তাঁর খরচ প্রায় ১ হাজার ৫০০ টাকা। মালগ্রাম উত্তরপাড়া, কলেজপাড়া, সেউজগাড়ী, সবুজবাগ ও জামিলনগরসহ একাধিক এলাকার নারীরা একই ভোগান্তিতে পড়েছেন।
৮ নম্বর ওয়ার্ডের তত্ত্বাবধায়ক মো. মেহেদী হাসান আশিক জানান, নিজ নামে নিবন্ধিত মোবাইল ব্যাংকিং সংযোগ না থাকলে তা করতে হবে, এটি সরকারি নির্দেশনা। এ খরচ ও জটিলতায় জরিপ বিলম্বিত হচ্ছে। জরিপের ১২ দিনে প্রায় ১১ হাজার ভোটারের এ ওয়ার্ডে মাত্র ৬০০ জনের তথ্য সংগ্রহ হয়েছে।
নিম্নবিত্তরা সহজে তথ্য দিলেও শিক্ষিত, মধ্যবিত্ত ও উচ্চবিত্তরা সহযোগিতা করছেন না; ফ্ল্াট-অ্যাপার্টমেন্টের কেউ কেউ তথ্যসংগ্রহকারীদের সঙ্গে দুর্ব্যবহারও করছেন। ফ্যামিলি কার্ড শুধু অনুদান বা ভাতার সঙ্গে সম্পর্কিত নয়, এ বিষয়ে সচেতনতার ঘাটতিও আছে। ৪৫ দিনে কাজ শেষ নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেন।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মুহাম্মদ আবু সাঈদ জানান, মাইকিং ও মসজিদের ইমামদের মাধ্যমে প্রচার চালানো হয়েছে এবং শহর সমাজসেবা কার্যালয় কার্যক্রম তদারকি করছে। ৪৫ দিনে শেষ না হলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সময়সীমা বাড়ানো হতে পারে।
জন্মসনদে ভোগান্তি বা বাড়তি অর্থ ব্যয়ের সুযোগ নেই। হয়রানির শিকার হলে কর্তৃপক্ষকে জানালে ব্যবস্থা নেওয়া হবে। তিনি সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানান। কারণ আর্থিক অবস্থা বাড়িয়ে বা কমিয়ে বললে প্রকৃত অভাবী পরিবার বঞ্চিত হতে পারে। তালিকায় নাম তোলার বিনিময়ে কেউ টাকা চাইলে তা প্রতারণা হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
মন্তব্য করুন








