বগুড়ায় মাদকের চালান আটকের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, ৬ জনের নামে মামলা
স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের প্রানকেন্দ্র সাতমাথায় রঞ্জু ইলেকট্রনিক্স দোকানে তল্লাশি করে ১১ হাজার একশ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মামলায় প্রধান আসামি রঞ্জু ইলেকট্রনিক্স দোকানের মালিক আব্দুর হান্নান রঞ্জু (৪৫)কে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আটক আরো তিনজনকে থানা থেকে ছেড়ে হয়েছে।
এর আগে সদর থানার পুলিশের একটি টিম গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সেখানে এই অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটের ওই চালান আটক করে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহীম আলী জানান, গ্রেফতারকৃত আব্দুল হান্নান রঞ্জু বগুড়া মহানগরের ফুলবাড়ি মধ্যপাড়ার এলাকার মৃত আব্দুল হাই এর ছেলে।
গতকাল মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলা কারাগারে প্রেরণ করেন। এর আগে সদর থানার এসআই আব্দুস সালাম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলায় রঞ্জু ইলেকট্রনিক দোকানের মালিক আব্দুল হান্নান রঞ্জু, ফুলবাড়ি দক্ষিণপাড়ার হেলাল উদ্দিনের ছেলে মখছেদুর রহমান ওরফে মিনার, নাঈম লজিস্টিক এন্ড ট্রান্সপোর্ট সার্ভিসের বুকিং ম্যানেজার ও অজ্ঞাতনামা আরো ৩ জনসহ মোট ৬ জনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুনওসি বলেন পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বগুড়া মহানগরের সাতমাথায় সপ্তপর্দী মার্কেটের উত্তর পাশে টিএমএসএস মার্কেটে সাতমাথা নামের ওষুধের দোকান সংলগ্ন রঞ্জু ইলেকট্রনিক ও ঘড়ির দোকানে নাঈম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটি বড় মাদকের চালান ঢুকেছে। এরপর ওই তথ্যের ভিত্তিতে সদর থানার পুলিশের একটি টিম ওই দোকানে অভিযান চালায়।
অভিযানকালে কুরিয়ার সার্ভিসের পার্শ্বেল একটি কার্টুনে আসা ওই পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে এব্যপারে জিজ্ঞাসাবাদের জন্য রঞ্জু স্টোরের মালিক রঞ্জুসহ ৪ জনকে আটক করা হয়। পরে রঞ্জুকে গ্রেফতার ও অপর ৩ জনকে ছেড়ে দেয়া হয়। এই মাদক সংলিষ্ট ঘটনায় এই তিনজনের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে জড়িত থাকার কোন তথ্য প্রমাণ পাওয়া যায়নি বলে ওসি আরো জানান।
মন্তব্য করুন








