জয়পুরহাটের আক্কেলপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে রিকশাচালক নিহত
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: আক্কেলপুরে ভ্যান চুরির অভিযোগে গণপিটুনির শিকার হায়দার আলী (৪৫) নামে এক রিকশাচালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার (১ নভেম্বর) সকালে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। নিহত হায়দার আলী জয়পুরহাট সদর উপজেলার ভাদশা ইউনিয়নের দেওনাহার গ্রামের মৃত কয়ের আলীর ছেলে। তিনি ঢাকায় রিকশা চালাতেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় দেওনাহার গ্রামে একটি ভ্যান চুরির চেষ্টার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন হায়দার আলী। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নিহতের ভাই তোতা মিয়া বলেন, আমার ভাই ঢাকায় রিকশা চালাতেন। কয়েকদিন আগেই তিনি বাড়ি এসেছিলেন। রোববার সকালে হাসপাতাল থেকে তার মৃত্যুর খবর পেয়ে আমরা এখানে আসি।
আরও পড়ুনআক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ভ্যান চুরির অভিযোগে গণপিটুনির শিকার এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন







