রংপুরের কাউনিয়ায় পূজামন্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় দুর্গাপূজার মন্ডপে জেনারেটরের সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল উদ্দিন (১৯) নামে এক ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজীব গ্রামের চৈতারমোড় দিঘলটারী দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। নিহত শাকিল উদ্দিন টেপামধুপুর ইউনিয়নের মন্ডলটারী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় মাহিন সাউন্ড অ্যান্ড ডেকোরেটরের কর্মী শাকিল পূজামন্ডপের প্যান্ডেল, বৈদ্যুতিক সংযোগ ও লাইটিংয়ের সরঞ্জাম খুলতে যান। প্যান্ডেল খোলার পর জেনারেটরে হাত দিতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান।
পরে মন্দিরের লোকজন ও দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান। টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল ইসলাম শাকিলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুনকাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও অন্যান্য আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন







