নাটোরে ১৪ জন নিহত : দুর্ঘটনাকবলিত বাসটির ফিটনেস ছিল না জানাল তদন্ত কমিটি
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হওয়ার ঘটনায় দুর্ঘটনাকবলিত আরপি পরিবহনের বাসটির ফিটনেস সনদের মেয়াদ ছিল না। প্রাথমিক তদন্তে বেপরোয়া গতিতে অন্য যানবাহনকে অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছে তদন্ত কমিটি।
আজ বুধবার (২১ অক্টোবর) সকালে তদন্ত কমিটির সদস্যরা বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার সরদারপাড়া এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। পরে নাটোর সদর জেনারেল হাসপাতালে গিয়ে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের খোঁজখবর নেন।
তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এবিএম) আবুল হায়াত জানান, ফিটনেস সনদের মেয়াদ শেষ হওয়ার পরও আরপি পরিবহনের বাসটি চলাচল করছিল। প্রাথমিক তদন্তে বেপরোয়া গতিতে অন্য যানবাহনকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয় বলে প্রতীয়মান হয়েছে।
আরও পড়ুনতিনি আরও জানান, দুর্ঘটনার সব দিক বিবেচনায় নিয়ে দ্রুত তদন্ত শেষ করা হবে। এরপর প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন দাখিল করা হবে। এর আগে গত মঙ্গলবার ভোরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার সরদারপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হন। এ ঘটনায় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
মন্তব্য করুন







