নীলফামারীর ডিমলায় কালভার্ট অকেজো দুর্ভোগে ২০ হাজার মানুষ
ডিমলা (নীলফামারী) নীলফামারী: নীলফামারীর ডিমলায় প্রায় ৫৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি বক্স কালভার্ট দুই মাস ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। দুই পাশে অ্যাপ্রোচ সড়ক না থাকায় সরকারের বিপুল অর্থ ব্যয়ে নির্মিত অবকাঠামোটি কোনো কাজে আসছে না। এতে পূর্ব ও পশ্চিম ছাতনাই ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে টুনিরহাট আর অ্যান্ডএই টু কলোনির হাট জিসি সড়কে কালভার্টটি নির্মাণ করা হয়। এর প্রাক্কলিত ব্যয় ছিল ৫৬ লাখ ৫২ হাজার ৭১৩ টাকা। চুক্তিমূল্য ৫৩ লাখ ৭০ হাজার ৭৭৭ টাকা। জলঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান এন অ্যান্ড সন্স কাজটি বাস্তবায়ন করে। তবে অ্যাপ্রোচ সড়ক নির্মাণে মাটি ফেলা নিয়ে স্থানীয়দের সাথে বিরোধের কারণে কাজ অসম্পূর্ণ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কালভার্ট নির্মাণ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় সেটি ব্যবহার করা যাচ্ছে না। বৃষ্টিতে বিকল্প সড়ক পানিতে ডুবে যায়। অন্যদিকে কালভার্টের দুই পাশে গর্ত থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের যাতায়াতের পাশাপাশি কৃষিপণ্য পরিবহনও ব্যাহত হচ্ছে।
আরও পড়ুনঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি রবিউল ইসলাম বলেন, কালভার্ট নির্মাণের কাজ শেষ হয়েছে। অ্যাপ্রোচ সড়কের জন্য মাটি ফেলা নিয়ে স্থানীয়দের সাথে জটিলতা তৈরি হওয়ায় কাজ শেষ করা যায়নি। আলোচনা করে দ্রুত কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে।
ডিমলা উপজেলা প্রকৌশলী মফিজুর রহমান বলেন, প্রকল্পটি এখনও অনুমোদিত না হওয়ায় ঠিকাদার বিল করতে পারেননি। অ্যাপ্রোচ সড়কের মাটি নিয়ে স্থানীয়দের আপত্তি রয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান বলেন, মাটি নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে উপজেলা প্রকৌশলীকে পাঠিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন








