গ্রেফতার সুমনকে আনা হয়েছে কুমিল্লায়, মিলেছে স্কুলছাত্রীর মোবাইল ফোন
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় গ্রেফতার সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে চট্টগ্রাম থেকে কুমিল্লায় আনা হয়েছে। তার দেওয়া তথ্য মতে, ভুক্তভোগী স্কুলছাত্রীর সঙ্গে থাকা মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে সুমন ছাড়া অন্য কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টার পর সুমনকে কুমিল্লায় আনা হয় বলে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল এ ঘটনায় কাজ করছে। চট্টগ্রাম থেকে সুমনকে গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে কুমিল্লায় নিয়ে আসা হয়।
গ্রেফতার সুমন যাদের সঙ্গে ফোনে কথা বলেছেন, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে ঠিক কতজন যুক্ত এখনো সেটি নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ চেষ্টা করছে হত্যার প্রকৃত রহস্য উৎঘাটন এবং এর সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতার করতে।
এর আগে শুক্রবার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান সুমনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লার লালমাই উপজেলার একটি ধানক্ষেত থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
সূত্র জানায়, নিহত কিশোরী যশোর সদর উপজেলার আব্দুল আলিমের মেয়ে। সে কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তন স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহতের বাবা আব্দুল আলিম রেনেটা ওষুধ কোম্পানির কুমিল্লা রিজিয়নে চাকরি করেন। তারা কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।
এ ঘটনার পর নিহতের বাবা আব্দুল আলিম বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







