দুই ট্রাকের মাঝে চাপা পড়ে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) গাড়িচালক মো. আব্দুস সালামের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে নগরীর পাওয়ার হাউস মোড়-সংলগ্ন কেসিসির গ্যারেজে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অপর গাড়িচালক বারেক গাজী পলাতক রয়েছেন।
মৃত সালাম সোনাডাঙ্গা থানার ময়লাপোতা এলাকার মো. মেছের আলীর ছেলে। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
কেসিসির আরেক গাড়িচালক মো. সাফায়েত হোসেন বলেন, বেলা সোয়া ১১টার কিছু আগে বাইরে থেকে গাড়ি চালিয়ে গ্যারেজের ভেতরে প্রবেশ করেন বারেক। তিনি অপর চালক সালামকে গাড়িটি সরিয়ে নিতে বলেন। উত্তরে সালাম বলেন, তুমি গাড়িটি সরিয়ে নাও। এরপর বারেক স্টার্ট দিতে গেলে গাড়িটি সামনের দিকে ধাক্কা দেয়। এর আগে কোনো এক কারণে তিনি গড়িটির মাঝখানে অবস্থান করেন। দুই গাড়ির মাঝে চাপা পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন সালাম। গাড়ির সামনের অংশ দেবে যায়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. মতিয়ার রহমান বলেন, মৃত চালকের পরিবার কোনো মামলা করতে চাচ্ছে না। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে চালক বারেক ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে পেলে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কেসিসির চিফ ইঞ্জিনিয়র মো. মশিউজ্জামান খান। তিনি বলেন, এটা একটা দুর্ঘটনা । তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।