রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া। রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাককে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১৫৫ কোটি টাকা) সহায়তা দেবে দেশটি।এজন্য ব্র্যাকের সঙ্গে একটি নতুন বহুবর্ষী চুক্তি করেছে অস্ট্রেলিয়া।
বুধবার (৭ অক্টোবর) ঢাকায় অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল ও ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এ চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় কক্সবাজার ও ভাসানচরে বসবাসরত রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশন, শিক্ষা, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন ও সুরক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে।
আরও পড়ুন
পাশাপাশি স্থানীয় ও জাতীয় পর্যায়ের অংশীদার সংগঠনগুলোর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে সহায়তার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্য রয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, এটি একটি আন্তর্জাতিক মানবিক সংকট। বাংলাদেশ দীর্ঘদিন ধরে মানবিক দায়িত্ববোধ থেকে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে।
তিনি বলেন, এ সংকটে অস্ট্রেলিয়ার অব্যাহত সহযোগিতা বাংলাদেশের মানবিক প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।
সরকারের পক্ষ থেকে বলা হয়, রোহিঙ্গাদের দীর্ঘদিনের বাস্তুচ্যুতি এবং আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর ওপর বাড়তি চাপ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা গুরুত্বপূর্ণ। নতুন এ সহায়তার মাধ্যমে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর মৌলিক সেবা নিশ্চিত করার পাশাপাশি তাদের সক্ষমতা বৃদ্ধির কাজ এগিয়ে নেওয়া হবে।