ভিডিও বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৭ অক্টোবর, ২০২৬ ০১:৪৪ এএম

উন্নত ও শক্তিশালী জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই: মঈন খান

উন্নত ও শক্তিশালী জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই: মঈন খান, সংগৃহীত ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে বাদ দিয়ে কোনোভাবেই একটি উন্নত ও শক্তিশালী জাতি গঠন সম্ভব নয়। শিক্ষা নিয়ে কোনো প্রকার হেলাফেলা বা ছেলেখেলা করা যাবে না।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে নরসিংদী পলাশ উপজেলার আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বেসরকারি শিক্ষকদের বিভিন্ন সুবিধা ও বেতন বৃদ্ধির ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম শিক্ষকদের বেতন ৫০ শতাংশে উন্নীত করেছিলেন। এরপর ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এসে বেগম খালেদা জিয়া আরও ৩০ শতাংশ যোগ করে বেতন ৮০ শতাংশে উন্নীত করেন। দীর্ঘ সময় শিক্ষকদের ভাতা না বাড়ার পর ২০০১ সালে খালেদা জিয়ার সরকারই শিক্ষকদের এমপিওভুক্তির শতভাগ বেতন-ভাতা নিশ্চিত করে।

তিনি বলেন, বর্তমান সময়ে প্রায় ২৯ হাজার মাধ্যমিক ও প্রাইভেট স্কুলের শিক্ষকেরা যে সরকারি সহায়তা পাচ্ছেন, তা বিএনপি সরকারেরই ধারাবাহিক অবদান। সম্প্রতি অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন ও আর্থিক সুবিধা সহজীকরণে বর্তমান সরকারের তাৎক্ষণিক পদক্ষেপেরও প্রশংসা করেন তিনি।

 

আরও পড়ুন

মন্ত্রী বলেন, শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর এবং জাতির মেরুদণ্ড। দেশের তরুণ সমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

যুক্তরাষ্ট্রের উদাহরণ টেনে মঈন খান বলেন, অনেকে মনে করেন অস্ত্র বা পারমাণবিক বোমার কারণে আমেরিকা বিশ্বশক্তি হয়েছে, কিন্তু তা সঠিক নয়। তাদের প্রকৃত শক্তি হলো উচ্চমানের শিক্ষা ব্যবস্থা।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মোমেনবাগ খান ফাউন্ডেশন ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রোখসানা খন্দকার।

এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং উপজেলার সকল স্তরের শিক্ষক নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নত ও শক্তিশালী জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই: মঈন খান

১

মেসির বিদায়ী ম্যাচ আয়োজনের অনুষ্ঠানসূচি প্রকাশ, থাকছে চমক

২

দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল

৩

ইয়াবাসহ দুই যুবদল নেতা গ্রেপ্তার

৪

এবার ভারতের জালে উরুগুয়ের ৬ গোল

৫

সরকারের সিদ্ধান্ত গরিবের পেটে লাথি মারার সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম

৬