শাহবাগ থানায় ঢাবি সাংবাদিকদের ওপর হামলা: পাঁচ মাস পর সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত কমিটি
ঢাবি প্রতিনিধিঃ শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকর্মীর সংশ্লিষ্টতা পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি।
ঘটনার প্রায় সাড়ে পাঁচ মাস পর মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
উপাচার্য বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত কমিটি মঙ্গলবার প্রতিবেদন জমা দিয়েছে। আগামী সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। গত ২৩ এপ্রিল পেশাগত দায়িত্ব পালনের সময় শাহবাগ থানার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ সাংবাদিক আহত হন। পরে ঘটনার তদন্তে সহকারী প্রক্টর অধ্যাপক মাহবুব কায়সারকে আহ্বায়ক করে ছয় সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। বিশ্ববিদ্যালয় সূত্রের বরাতে জানা গেছে, তদন্ত কমিটি বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করে হামলায় জড়িতদের শনাক্ত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকে ৩০ থেকে ৪০ জন ছাত্রদল নেতাকর্মী হামলায় জড়িত থাকার কথা জানানো হলেও তদন্তে পাঁচজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তবে ওই পাঁচজনের নাম-পরিচয় এখনো প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার বিকেলে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতারা। পরে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. মানজুর হোছাঈন মাহি বলেন, হামলার প্রায় পাঁচ মাস পর তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। সাম্প্রতিক সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দেশব্যাপী যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তার চাপেই হয়তো তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বলে মনে করেন তিনি।
আরও পড়ুনতদন্ত শেষ হতে এত সময় লাগার বিষয়ে সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক লিটন ইসলাম বলেন, একাধিক পক্ষের সাক্ষ্যগ্রহণ ও সমন্বয়ের কথা বলা হলেও তাদের কাছে মনে হয়েছে প্রশাসনের সদিচ্ছা ও তৎপরতার অভাব ছিল। শুরু থেকেই প্রশাসন সক্রিয় হলে এক থেকে দেড় মাসের মধ্যে তদন্ত ও বিচারপ্রক্রিয়া শেষ করা সম্ভব ছিল বলেও মন্তব্য করেন তিনি।
লিটন ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলার দ্রুত বিচার হলে পরবর্তী সময়ে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা করার সাহস কেউ পেত না। তাই এই বিচারহীনতার সংস্কৃতির দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনও এড়াতে পারে না।
এর আগে ২৩ এপ্রিলের হামলার ঘটনায় ছাত্রদলও পৃথকভাবে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল এবং দুঃখ প্রকাশ করেছিল।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1791275308.jpg)







