ভিডিও বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০১ অক্টোবর, ২০২৬ ১১:১৮ এএম

এশিয়ান গেমস থেকে বাংলাদেশের বিদায়

 এশিয়ান গেমস থেকে বাংলাদেশের বিদায়

স্পোর্টস ডেস্ক : কঠিন লক্ষ্য ছিল না, তবে শুরুটা ভালো করেও পাকিস্তানকে চাপে রাখতে পারেনি বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১১২ রানের লক্ষ্য দিয়েও শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ফলে শেষ হয়ে গেছে সোনার পদকের স্বপ্ন।

জাপানের নিশিন শহরের কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত ম্যাচটি বৃষ্টির কারণে নেমে আসে ১৩ ওভারে। টসে হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ১১১ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১২ রান তুলে ৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান। এই জয়ে ফাইনালে জায়গা করে নেয় তারা।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। দলীয় ২১ রানেই সাজঘরে ফেরেন তানজিদ হাসান, অধিনায়ক লিটন দাস ও পারভেজ হোসেন ইমন। তানজিদ করেন ৭, লিটন ২ এবং ইমন করেন মাত্র ১ রান। এরপর সাইফ হাসান ১৭ বলে ১৯ রান করে আউট হলে আরও চাপে পড়ে বাংলাদেশ।

তবে একপ্রান্ত আগলে রেখে দলের রান বাড়ানোর চেষ্টা করেন তাওহীদ হৃদয়। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২৫ বলে ৪টি ছক্কা ও ২টি চারে ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। মোসাদ্দেক হোসেন করেন ১৬ বলে ১১ রান। শেষদিকে শেখ মাহেদী হাসান ৪ বলে ৮ রান করে অপরাজিত থাকেন।

অতিরিক্ত থেকে পাওয়া ১৯ রান বাংলাদেশের স্কোরে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এর মধ্যে ১৫ রানই আসে ওয়াইড থেকে। শেষ পর্যন্ত ১৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১১ রানে থামে বাংলাদেশের ইনিংস।

পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন সুফিয়ান মুকিম। ৩ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। আরাফাত মিনহাজ শিকার করেন ২ উইকেট।

আরও পড়ুন

১১২ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই পাকিস্তানকে চাপে ফেলে বাংলাদেশ। দলীয় ৬ রানে সাহিবজাদা ফারহানকে ১ রানে ফেরান শেখ মাহেদী হাসান। ১৬ রানে সাদাকাতকে ১৫ রানে আউট করেন নাসুম আহমেদ।

এরপর সাইম আইয়ুব ১২ বলে ২১ রান করে মোস্তাফিজুর রহমানের শিকার হন। ওসমান খানও ৯ বলে ১৪ রান করে রিশাদ হোসেনের বলে ফিরলে ৫৩ রানেই ৪ উইকেট হারায় পাকিস্তান।

তবে এরপর আর কোনো বিপদ হতে দেননি হাসান নওয়াজ ও আব্দুল সামাদ। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে দ্রুত রান তুলে পাকিস্তানকে জয়ের পথে নিয়ে যান তারা। হাসান নওয়াজ ২২ বলে ২৭ রান করেন, যার মধ্যে ছিল ২টি চার ও ২টি ছক্কা। আর আব্দুল সামাদ মাত্র ১৫ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছক্কা।

শেষ পর্যন্ত ১১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১২ রান তুলে নেয় পাকিস্তান। ৬ উইকেটের জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা। বাংলাদেশের হয়ে শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন একটি করে উইকেট নেন।

ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়ান গেমস থেকে বাংলাদেশের বিদায়

১

প্রবীণদের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির

২

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

৩

একদিনের সফরে ফেনীর পথে প্রধানমন্ত্রী

৪

আন্তর্জাতিক কফি দিবস আজ

৫

পাকিস্তান কেন রূপপুর প্রকল্পের ইউরেনিয়াম বহনের অনুমতি দেয়নি?

৬