ভিডিও বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৪২ পিএম

 ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

সংগৃহীত, ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

আন্তর্জাতিক ডেস্ক : রেকর্ড সর্বনিম্ন জন্মহার নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় দেশের সরকারি চাকরিজীবীদের বিয়ের জন্য পাত্র-পাত্রী খোঁজার একটি সেবা চালু করেছে সিঙ্গাপুর। ২১ থেকে ৩৫ বছর বয়সীদের জন্য চলতি সপ্তাহে ‘ফার্স্টডেট’ নামের এই সেবা চালু করেছে দেশটির সরকার।

প্ল্যাটফর্মটির ওয়েবসাইটে বলা হয়েছে, ডেটিংয়ের ক্ষেত্রে একটি ‘ভিন্নধর্মী পদ্ধতি’ নিয়ে এসেছে ফার্স্টডেট। এখানে নোবেলজয়ী একটি অ্যালগরিদম ব্যবহার করে অংশগ্রহণকারীদের একবারে শুধু একজনের সঙ্গেই ডেটিংয়ের সুযোগ মিলিয়ে দেওয়া হয়। প্ল্যাটফর্মটির ওয়েবসাইটে লেখা রয়েছে, সোয়াইপ করার ক্লান্তির এখানেই সমাপ্তি।

ব্যবহারকারীরা জাতীয় ডিজিটাল পরিচয়পত্র ব্যবহার করে এতে লগইন করতেন পারবেন। এরপর সেখানে নিজেদের আগ্রহ, অভ্যাস ও দৃষ্টিভঙ্গি সম্পর্কিত একটি জরিপে অংশ নিতে হয় তাদের।

ফার্স্টডেটের পথচলা সিঙ্গাপুরের নাগরিকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ কেউ এটিকে কৃত্রিম নিয়ন্ত্রণের বৈরী সমাজব্যবস্থা হিসেবে আখ্যা দিলেও অনেকে আবার এই সেবা গ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন।

ওয়েবসাইটে প্ল্যাটফর্মটি পরিচালনা করার পেছনে ব্যবহৃত ‘গেইল-শ্যাপলি স্টেবল ম্যারেজ’ অ্যালগরিদমের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এই গাণিতিক কাঠামোর মাধ্যমে দু’টি সমানসংখ্যক দলের মানুষদের পছন্দ ও পছন্দের অগ্রাধিকার মেপে জোড়া বেঁধে দেওয়া হয়।

প্রয়াত গণিতবিদ লয়েড শ্যাপলি এই অ্যালগরিদম আবিষ্কারের জন্য ২০১২ সালে অর্থনীতিতে নোবেল লাভ করেন। এটি সরকারি স্কুলে ভর্তি, চিকিৎসকদের শিক্ষানবিশ পদায়ন এবং বিভিন্ন ডেটিং অ্যাপসহ নানা ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে।

সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত ২৯ বছর বয়সী এলিজাবেথ বিবিসিকে বলেন, সব মিলিয়ে কোনো অ্যাপের মাধ্যমে কারও সঙ্গে পরিচিত হওয়ার অভিজ্ঞতা অ্যাপভেদে খুব একটা বদলায় না। তিনি ফার্স্টডেট ব্যবহার করে দেখতে আগ্রহী।


তিনি বলেন, অন্তত প্রতারিত হওয়ার ঝুঁকি কম জেনে স্বস্তি পাচ্ছি। আমরা তো সবাই সঙ্গী খুঁজে ফেরা সরকারি কর্মচারী, তাই না?

তবে সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু ব্যবহারকারী বলছেন, পরীক্ষামূলক পর্যায়ে থাকা এই সেবা কেবল সরকারি চাকরিজীবীদের সুযোগ দেওয়ায় অন্যদের প্রতি বৈষম্য করা হচ্ছে।

বয়সসীমা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। রেডিটে এক ব্যবহারকারী লেখেন, তারা শুধু জন্মহার বাড়ানোর জন্যই এটা করছে। নয়তো কেউ জীবনসঙ্গী পেল কি পেল না, তা নিয়ে সরকারের কিছু যায়-আসে না।

তিনি বলেন, যেহেতু ৩৫ বা তার বেশি বয়সে সন্তান নেওয়ার ক্ষেত্রে শারীরিক ঝুঁকি বেশি, তাই সরকার সম্ভবত বয়স্ক সিঙ্গেলদের হিসাবের বাইরেই রেখে দিয়েছে।

আরও পড়ুন

এই পরীক্ষামূলক সেবা ভবিষ্যতে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে বক্তব্যের জন্য এই উদ্যোগের পেছনের সরকারি সংস্থা গভটেকের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।

সিঙ্গাপুরের জন্মহার রেকর্ড পরিমাণে কমে ঐতিহাসিক সর্বনিম্নে পৌঁছানোর পরই সেবাটি চালু করা হয়েছে। গত ৬০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ২০২৫ সালে দেশটিতে জন্ম নেওয়া শিশুর সংখ্যা ৩০ হাজারের নিচে নেমে এসেছে।

অন্যদিকে, দ্রুত প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বাড়তে থাকা এই দেশটিতে মৃত্যুর হারও ঊর্ধ্বমুখী; যা ২০২৫ সালে প্রায় ২৬ হাজার ৫০০ জনে পৌঁছেছে।

গত আগস্টে দেশটির প্রধানমন্ত্রী লরেন্স ওং পরিবারগুলোকে সহায়তার পাশাপাশি দম্পতিদের সন্তান নিতে উৎসাহিত করার জন্য বেশ কিছু নতুন পদক্ষেপের ঘোষণা দেন। এর মধ্যে একটি শিশুকে ১৭ বছর বয়স পর্যন্ত দফায় দফায় সর্বমোট প্রায় ৭০ হাজার সিঙ্গাপুরি ডলার (৫৪ হাজার মার্কিন ডলার) আর্থিক সহায়তার বিষয়টি দেশটিতে ব্যাপক আলোড়ন তোলে।

নাগরিকদের জন্য ‘ঘটকালি’ করার চেষ্টা সিঙ্গাপুর এবারই প্রথম করছে, বিষয়টি তেমন নয়। ১৯৮৪ সালে উচ্চশিক্ষিত তরুণ-তরুণীদের সামাজিক মেলামেশায় উৎসাহিত করতে সোশ্যাল ডেভেলপমেন্ট ইউনিট (এসডিইউ) গঠন করেছিল দেশটি।

তবে কেবল বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটদের সুযোগ দেওয়ায় উদ্যোগটি অভিজাত তোষণকারী বলে সমালোচিত হয়। যদিও কর্তৃপক্ষ বলেছিল, কম শিক্ষিত বা নন-গ্র্যাজুয়েটদের জীবনসঙ্গী খুঁজে পেতে সমস্যা হয় না। পরবর্তীতে এসডিইউয়ের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এর পরের বছর নন-গ্র্যাজুয়েটদের মধ্যেও বিয়ের হার বাড়াতে আরেকটি সংস্থা গঠন করে সরকার। সরকারপরিচালিত ডেটিং সেবার ধারণা অবশ্য কেবল সিঙ্গাপুরেই সীমাবদ্ধ নয়। ২০২৪ সালের সেপ্টেম্বরে কমতে থাকা জন্মহার কাটিয়ে ওঠার অংশ হিসেবে এআই-চালিত ডেটিং অ্যাপ চালু করেছিল জাপানের টোকিও মেট্রোপলিটন সরকার।

চলতি বছরের জুলাইয়ে প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, শহরের সিঙ্গেল বাসিন্দাদের জন্য চালু করা ওই অ্যাপটির মাধ্যমে অন্তত ২৬৫টি দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

সূত্র: বিবিসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

১

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

২

বগুড়া সিটি কর্পোরেশনের সহায়ক কমিটির সভায় দেশি ফলের আড়ত স্থানান্তরের সিদ্ধান্ত

৩

হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১৩৪৯

৪

দিনাজপুরের চিরিরবন্দরে ৪ মাদকসেবীকে সাজা ও অর্থদন্ড

৫

জ্বালানি তেলের দাম ঘোষণা

৬