তরুণদের ফ্রিল্যান্সিং ও বৈদেশিক মুদ্রা আয়ে দক্ষ করাই লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী
তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও তথ্যপ্রযুক্তিনির্ভর কাজে দক্ষ করে তুলতে সিলেটে কয়েকটি AI ট্রেনিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রথমে সিলেটে কার্যক্রম শুরু করে পর্যায়ক্রমে বিভাগের অন্যান্য জেলায় তা সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে তরুণদের ফ্রিল্যান্সিং ও আন্তর্জাতিক আইটি খাতে কাজের উপযোগী করে গড়ে তোলার পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ বাড়াতে চায় সরকার।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘শুরুতে আমরা সিলেটে শুরু করব, তারপর বিভাগের অন্য জেলাগুলো নিয়ে যাব। এখানে আমরা কয়েকটি AI ট্রেনিং সেন্টার করব। ’
তিনি বলেন, দেশে-বিশেষ করে সিলেটে ফ্রিল্যান্সিংয়ের বড় সম্ভাবনা রয়েছে। অনেক তরুণ বর্তমানে মাসে ৫০০ থেকে ২ হাজার, ৪ হাজার এমনকি ৫ হাজার ডলার পর্যন্ত আয় করছেন।
আরও পড়ুনউচ্চ পর্যায়ের কিছু ফ্রিল্যান্সারের আয় এর চেয়েও বেশি।
মন্ত্রী বলেন, এই সম্ভাবনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে AI প্রশিক্ষণের মাধ্যমে একঝাঁক তরুণ-তরুণীকে উপার্জনক্ষম করে তুলতে হবে। তারা ফ্রিল্যান্সিং ও তথ্যপ্রযুক্তিভিত্তিক কাজের মাধ্যমে দেশে বৈদেশিক মুদ্রা আনতে পারবেন। একই সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানগুলোর আইটি-সংশ্লিষ্ট কাজ বাংলাদেশে নিয়ে আসার সুযোগ তৈরি হবে।
দেশের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগের ওপর গুরুত্ব দিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, টেকসই উন্নয়নের জন্য মানবসম্পদ উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের যেসব দেশ টেকসইভাবে এগিয়েছে, তাদের মৌলিক বিনিয়োগের বড় ক্ষেত্র ছিল স্বাস্থ্য, শিক্ষা এবং গবেষণা ও উদ্ভাবন।
তিনি বলেন, গবেষণায় বড় পরিসরে বিনিয়োগের পর্যায়ে যাওয়ার আগেই বাংলাদেশকে শিক্ষা ও স্বাস্থ্য খাতের মৌলিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






