বগুড়ার সোনাতলার স্মরণিকা হোটেল এন্ড রেস্টুরেন্ট’র ৩০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার : বগুড়ার সোনাতলা উপজেলার রেলগেট এলাকাস্থ স্মরণিকা হোটেল এন্ড রেস্টুরেন্ট’র ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানকালে উক্ত প্রতিষ্ঠানে-অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ ব্যবহার করে মিষ্টি প্রস্তুত, প্রস্তুতকৃত খাদ্য অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতে সংরক্ষণ, মিষ্টান্ন প্রস্তুতকরণের স্থানে কুকুর-বিড়াল প্রবেশ, খাদ্য প্রস্তুতিতে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার এবং খাদ্যকর্মীদের যাথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার অভিযোগ প্রমাণিত হয়।
এসকল অপরাধের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারা লঙ্ঘন জনিত অপরাধে প্রতিষ্ঠানটির ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করেন। পাশাপাশি হোটেল মালিকদের কাছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয় থেকে ব্যাখ্যা তলব করা হয়।
আরও পড়ুনএসময় আনুমানিক ৫০ কেজি মিষ্টি বিধি মোতাবেক জব্দ ও জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযানে নিরাপদ খাদ্য অফিসার বগুড়ার মো. রাসেল, দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক জাহাবুর রহমান, নমুনা সংগ্রহ সহকারী শরিফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে সোনাতলা থানা পুলিশের একটি টিম।
মন্তব্য করুন







