ঠাকুরগাঁওয়ে দুইদিনে শিশুসহ ৫ জনের মৃত্যু
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে গত দুই দিনের ব্যবধানে পৃথক নানা ঘটনায় শিশুসহ পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সদর উপজেলা, ভূল্লী ও রাণীশংকৈল উপজেলায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, পানিতে ডুবে, বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন এবং হঠাৎ অসুস্থতার কারণে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের আরাজী মাটিগাড়া এলাকায় প্রতীক চন্দ্র রায়(২১) নামে এক মানসিক অসুস্থ যুবক নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। অন্যদিকে, একই উপজেলার বাসস্ট্যান্ডে বাস থেকে নামার পর হঠাৎ অসংলগ্ন আচরণ করতে শুরু করে আব্দুল হামিদ(৪৬) নামে এক ক্যাবল কোম্পানির বিপণন কর্মী।
পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়াও ভূল্লী উপজেলার শাসলাপিয়ালা এলাকায় ইউসুফ আলী(৫) নামে এক শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়। জেলার রাণীশংকৈল উপজেলার জওগাঁও এলাকায় বাড়ির পাশে খেলার সময় ভ্যানসহ ডোবায় পড়ে আয়েশা আক্তার(৬) নামে অপর এক শিশুর মৃত্যু হয়েছে।
আরও পড়ুনএদিকে রাণীশংকৈল উপজেলার কাদিহাট এলাকায় সামিরুল ইসলাম(২৮) নামে এক যুবক ইঁদুর মারার বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে। আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। স্বজনেরা জানান, তিনি দীর্ঘদিন মৃগী রোগে ভুগছিলেন এবং ঋণের চাপে ছিলেন।
পৃথক এসব ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি শাহজান আলী।
মন্তব্য করুন







