যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি নির্মাতা সিজু
বাংলাদেশি স্বাধীন চলচ্চিত্র নির্মাতা শাহ নেওয়াজ খান সিজু তার এক শটে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নট আ ফিকশন’-এর জন্য যুক্তরাষ্ট্রের বেস্ট শর্টস কম্পিটিশন, ২০২৬-এ এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড অর্জন করেছেন। ইরানি নির্মাতা ইলহাম খোদাবান্দেহলুর সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন তিনি।
আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে ‘নট আ ফিকশন’-এর ধারাবাহিক সাফল্যের তালিকায় নতুন করে যুক্ত হলো এই স্বীকৃতি। এর আগে ছবিটি তিনটি অস্কার ও দুটি কানাডিয়ান স্ক্রিন অ্যাওয়ার্ড কোয়ালিফায়িং উৎসবে অফিসিয়াল সিলেকশন পেয়েছে। পাশাপাশি ইউরোপের গুরুত্বপূর্ণ প্রাগ চলচ্চিত্র উৎসবে বেস্ট সুপার শর্ট ফিল্মের পুরস্কারও অর্জন করেছে।
‘নট আ ফিকশন’ মূলত বাংলাদেশের গত দুই দশকে বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অসংখ্য বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলা একটি ঐতিহাসিক দলিল হিসেবে নির্মিত। এক শটে ধারণ করা এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মিত হয়েছে প্রায় শূন্য বাজেটে। এবারের বেস্ট শর্টস কম্পিটিশনের জুরি বোর্ডে ছিলেন এমি মনোনীত ডানা এস স্কট, প্যারিস লেন এবং জানেশিয়া অ্যাডামস-গিনইয়ার্ড। তাদের বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে পাওয়া এই স্বীকৃতিকে সিজু তাঁর চলচ্চিত্রের আন্তর্জাতিক যাত্রায় গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন।
সিজু বলেন, ‘নট আ ফিকশন’ প্রায় জিরো বাজেটে বানিয়েছিলাম, কিন্তু গল্পটা নিয়ে আমার উদ্দেশ্য একেবারে পরিষ্কার ছিল। একজন নির্মাতা হিসেবে আমি দেখাতে চেয়েছি, একটা গল্প দর্শকের মনে প্রভাব ফেলতে বড় বাজেটের প্রয়োজন হয় না। তিনি আরও বলেন, ছবিটির যাত্রা বাংলাদেশের মাটিতে বিশ্ববিদ্যালয়ের বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা দিতে দিতে খুব ছোট পরিসরে শুরু হয়েছিল। তার মতে, বিশ্ব সিনেমার বিচারে উৎসবটি খুব বড় না হলেও সেখান থেকে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড পাওয়া তাঁর জন্য অনুপ্রেরণাদায়ক।
আরও পড়ুনসিজু বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতা এবং থিংক ট্যাংকার্স প্রোডাকশন-এর প্রতিষ্ঠাতা। সামাজিকভাবে গুরুত্বপূর্ণ বিষয় ও পরীক্ষামূলক চলচ্চিত্র নির্মাণে আগ্রহী তিনি। সম্প্রতি সুমাইয়া আরজু মুহার সঙ্গে যৌথভাবে সাদাত হাসান মান্টোর ‘ঠান্ডা গোশত’ থেকে অনুপ্রাণিত হয়ে ‘ঠান্ডা গোশত ২.০’ নির্মাণ করেছেন।
‘নট আ ফিকশন’-এর সহ-প্রযোজক চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক সাদিয়া খালিদ রীতি এবং লাইলি বেগম। গল্প ও চিত্রনাট্য লিখেছেন মোকাররম রানা। অভিনয়ে ছিলেন উদয়ন রাজীব, নাঈমুল আলম মিশু, ঐশিক সামি আহমেদ, রুদ্রনীল আহমেদ, জাওয়াদ সৌধ ও মিথুন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1789814542.jpg)
_medium_1789801645.jpg)

_medium_1789738160.jpg)


_medium_1789823334.jpg)
