সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফ থেকে ১৫ জন উদ্ধার
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে জড়ো করা নারী-পুরুষসহ ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুইজন রোহিঙ্গা এবং ১৩ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। বাংলাদেশিদের কয়েকজন কক্সবাজারের চকরিয়া ও নরসিংদী জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কচ্ছপিয়া এলাকায় অভিযান চালায় বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের একটি দল। এ সময় সাগরপথে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা ১৫ জনকে উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য, টেকনাফের দুর্গম উপকূলীয় এলাকা ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ধরে সাগরপথে মানবপাচারের চেষ্টা চালিয়ে আসছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে পাচারকারী চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
আরও পড়ুনবাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





