আরও চড়া দামে এলএনজি কিনছে সরকার, ২৯.৭৯৫ ডলার প্রতি ইউনিট
আরও চড়া দামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে যাচ্ছেন সরকার। এবার আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় প্রতি এমএমবিটিইউ (মেট্রিক মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট) সর্বোচ্চ ২৯ দশমিক ৭৯৫ মার্কিন ডলার দরে কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৪৪তম সভায় এমন উচ্চ দামে এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে রোববার (১৩ সেপ্টেম্বর) অনলাইন প্ল্যাটফর্মে এই সভা হয়। এতে মোট তিনটি প্রস্তাব উপস্থাপিত হয়। সবই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের।
সভায়, আগামী অক্টোবর মাসে সরবরাহের জন্য দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করে কমিটি। একই সঙ্গে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় আরও চার কার্গো এলএনজি কেনার দুটি প্রস্তাবও অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।
সভায় পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর বিধি ১০৫-এর উপবিধি ৩-এর (ক) অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় পাঁচ কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এর মধ্যে দুই কার্গো আমদানির অনুমোদন দেওয়া হয়।
প্রস্তাব অনুযায়ী, ৯ থেকে ১০ অক্টোবর সময়ের জন্য ৫২তম কার্গো, ১২ থেকে ১৩ অক্টোবরের জন্য ৫৩তম কার্গো, ১৪ থেকে ১৫ অক্টোবরের জন্য ৫৪তম কার্গো, ১৫ থেকে ১৬ অক্টোবরের জন্য ৫৫তম কার্গো ও ২৭ থেকে ২৮ অক্টোবরের জন্য ৫৬তম কার্গো এলএনজি কেনা হবে।
এর মধ্যে ৫২তম কার্গোর জন্য যুক্তরাজ্যের টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডকে সুপারিশকৃত দরদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এ কার্গোর একক দর প্রতি এমএমবিটিইউ ২৮ দশমিক ৯৫ মার্কিন ডলার।
আর ৫৬তম কার্গোর জন্য সিঙ্গাপুরের ভিটাল এশিয়া পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে। এ কার্গোর একক দর প্রতি এমএমবিটিইউ ২৯ দশমিক ৭৯৫ মার্কিন ডলার।
এছাড়া সরাসরি ক্রয় প্রক্রিয়ায় দুই কার্গো এলএনজি কেনার জন্য যুক্তরাষ্ট্রের ডারাব ইনকরপোরেটেডের প্রস্তাবও সভায় অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। এ প্রস্তাবে একক দর নির্ধারণ করা হয়েছে প্রতি এমএমবিটিইউ ১৭ মার্কিন ডলার। প্রতিষ্ঠানটিকে সুপারিশকৃত দরদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মাইন্ড মিঙ্গল এলএলসির কাছ থেকে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় আরও দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব দেওয়া হয়। এ ক্ষেত্রে একক দর প্রতি এমএমবিটিইউ ১৯ মার্কিন ডলার। মাইন্ড মিঙ্গল এলএলসিকেও সুপারিশকৃত দরদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
অর্থাৎ আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় দুই কার্গো এবং সরাসরি ক্রয় প্রক্রিয়ায় চার কার্গো মিলিয়ে মোট ছয় কার্গো এলএনজি কেনার প্রস্তাব সভায় অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।
এর আগে গত ২ সেপ্টেম্বর প্রতি এমএমবিটিইউ ২৮ দশমিক শূন্য ৩ মার্কিন ডলারে এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। তার এক সপ্তাহ আগে ২৪ আগস্ট অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রতি এমএমবিটিইউ ২৪ দশমিক ৬৩ মার্কিন ডলারে এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়। তারও এক সপ্তাহ আগে প্রতি এমএমবিটিইউ ২৩ দশমিক ৯৩ মার্কিন ডলারে এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।
অথচ গত বছরের ডিসেম্বরেও প্রতি এমএমবিটিইউ এলএনজি সাড়ে ১০ ডলারে নিচে কিনতে পেরেছিল সরকার। অর্থাৎ কয়েক মাসের ব্যবধানে এলএনজির দাম বেড়ে প্রায় তিনগুণ হয়ে গেছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1789388199.jpg)
_medium_1789387514.jpg)
_medium_1789387384.jpg)

