নাটোরে নিখোঁজ শিশু ১৪ মাস পর উদ্ধার যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ
বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা: নাটোরের বাগাতিপাড়া থেকে নিখোঁজের প্রায় ১৪ মাস পর যশোরের মনিহার এলাকা থেকে ১২ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে অপহরণ করে ভারতে পাচারের অভিযোগে বন্ধন (২২) নামে এক যুবকসহ অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন শিশুর নানি। গতকাল শনিবার বাগাতিপাড়া মডেল থানায় অভিযোগটি করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটির মা ঢাকায় কর্মরত থাকায় সে জামনগর পশ্চিমপাড়ায় নানির বাড়িতে থেকে পড়াশোনা করত। গত বছরের জুনে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় সে। দীর্ঘদিন খোঁজ না পেয়ে ২০২৫ সালের ১২ জুলাই থানায় জিডি করে পরিবার।
চলতি বছরের ২৫ আগস্ট যশোরের মনিহার এলাকা থেকে এক ব্যক্তির মোবাইল ফোনে পরিবারের সাথে যোগাযোগ করে শিশুটি। পরে স্বজনরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকায় বাবা-মায়ের কাছে নিয়ে যান। গতকাল শনিবার তাকে নিয়ে বাগাতিপাড়ায় এসে থানায় অভিযোগ করেন স্বজনরা।
শিশুর বরাত দিয়ে অভিযোগে বলা হয়, নিখোঁজের দিন বন্ধন তাকে দেড় হাজার টাকা দিয়ে বাড়ির পাশের একটি আমবাগানে যেতে বলে। সেখানে একটি সাদা প্রাইভেটকারে থাকা কয়েকজন তাকে ফুসলিয়ে তুলে নিয়ে যায়। পরে বেনাপোল সীমান্ত দিয়ে তাকে ভারতে পাচার করা হয়। সেখানে একটি পাচারকারী চক্র তাকে দিয়ে বিভিন্ন অবৈধ কাজ করাত। কয়েকবার পালানোর চেষ্টা ব্যর্থ হলেও পরে সুযোগ পেয়ে সে বাংলাদেশে ফিরে আসে।
আরও পড়ুনশিশুর নানি বলেন, নিখোঁজের পর বন্ধন তাদের জানিয়েছিল, সে নাকি শিশুটিকে তিনটি ভিন্ন রেলস্টেশনে দেখেছে। তখন তাকে সন্দেহ করা হয়নি। বর্তমানে শিশুটির কাছ থেকে বিস্তারিত জানার পর বন্ধনের সম্পৃক্ততার সন্দেহ করছেন তারা।
এদিকে অভিযোগ অস্বীকার করে বন্ধন বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা এবং তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি সুমন চন্দ্র দাস বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন







