পাবনার সুজানগরে চায়না দুয়ারি ও বেড়জালে বিলুপ্ত হচ্ছে দেশি প্রজাতির মাছ
সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরে নিষিদ্ধ চায়না দুয়ারি ও বেড় জালের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি মৌসুমে উপজেলার ঐতিহ্যবাহী গাজনার বিলসহ বিভিন্ন খাল-বিল, জলাশয় এবং ডোবা-নালা থেকে চায়না দুয়ারি ও বেড় জাল দিয়ে অবাধে মা ও পোনা মাছ শিকার করা হচ্ছে। এতে দেশি প্রজাতির মাছ বিলুপ্ত হতে চলেছে। পাশাপাশি একই কারণে মাছের চাহিদা মেটাতে নির্ভর করতে হচ্ছে পুকুরে চাষ করা বিদেশি মাছের ওপর।
বিলপাড়ের উলাট গ্রামের বাসিন্দা হেলাল শেখ বলেন, প্রত্যেক বছর বর্ষার মৌসুমে নতুন পানির সাথে পদ্মা এবং যমুনা থেকে উপজেলার ঐতিহ্যবাহী গাজনার বিলসহ ১৫/১৬টি বিলে বান, পাবদা, নয়না, রায়েক, বোয়াল এবং রুই-কাতলাসহ বিভিন্ন প্রজাতির দেশি মাছে আসে। কিন্তু কতিপয় অসাধু মৎস্যজীবী ওই মাছ বড় হতে দেয় না। তারা মাছ বড় হওয়ার আগেই নির্বিচারে চায়না দুয়ারি ও বেড় জাল দিয়ে ওই মাছ নিধন করে থাকে। আর তাদের ওই নিধন কার্যক্রম চলে শুষ্ক মৌসুমের আগ পর্যন্ত।
বিলপাড়ের খয়রান গ্রামের বাসিন্দা হোসেন আলী খান বলেন, চায়না দুয়ারি এবং বেড় জাল দিয়ে অবাধে মাছ শিকার করায় মাছের প্রজনন ক্ষেত্র নষ্ট হয়ে যাচ্ছে। এতে মাছের স্বাভাবিক প্রজনন কার্যক্রম ব্যাহত হওয়ায় দিনের পর দিন এলাকার খাল-বিল মাছ শূন্য হয়ে পড়ছে।
আরও পড়ুনএ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, দেশি প্রজাতি মাছ রক্ষায় চায়না দুয়ারি ও বেড় জাল দিয়ে মাছ শিকার বন্ধে শিগগিরই বিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
মন্তব্য করুন







