প্রকাশ : ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ০২:২৪ পিএম
ইরানের তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা
ইরানের তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপের কাছে একটি তেলবাহী ট্যাংকারে চারটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির একাধিক সংবাদমাধ্যম।
ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্কের (এসএনএন) প্রতিবেদনে প্রথমে ট্যাংকারটিতে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানানো হয়। পরে ইরানি সংবাদমাধ্যম খবর ফোরি জানিয়েছে, চারটি মার্কিন ক্ষেপণাস্ত্র ট্যাংকারটিতে আঘাত হেনেছে এবং সেটি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। হামলায় ট্যাংকারটির কী ধরনের ক্ষতি হয়েছে বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
খার্গ দ্বীপ ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র। দেশটির মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ এই দ্বীপের টার্মিনালের মাধ্যমে হয়। ফলে সেখানে কোনো হামলা ইরানের তেল রপ্তানি ও অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। খার্গ দ্বীপকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা অবশ্য নতুন নয়। চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্র দ্বীপটিতে ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিল। তখন তেল ও গ্যাস অবকাঠামো এড়িয়ে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছিল ওয়াশিংটন। এর আগে জুলাইয়েও খার্গ দ্বীপে অবস্থানরত একটি খালি তেলবাহী ট্যাংকারে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল বলে ইরানি কর্মকর্তারা জানিয়েছিলেন।
এদিকে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সামরিক তৎপরতায় জাহাজ চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের সমুদ্রপথে বাণিজ্য হওয়া তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হয়। সূত্র : আল জাজিরা
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1788595827.jpg)
_medium_1788595426.jpg)
_medium_1788593503.jpg)
_medium_1788592457.jpg)
_medium_1788591099.jpg)
_medium_1788582370.jpg)