বিএনপির হাত ধরেই দেশ বারবার গণতন্ত্রের পদযাত্রা শুরু হয়েছে: প্রতিমন্ত্রী পুতুল
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : ‘বাংলাদেশ যতবার দুর্দশাগ্রস্ত হয়েছে, ততবারই বিএনপির হাত ধরে গণতন্ত্রের পদযাত্রা শুরু হয়েছে’—বলে মন্তব্য করেছেন নাটোর-১ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারাজানা শারমিন পুতুল।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নাটোরের বাগাতিপাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলার মালঞ্চি বাজার রেলগেট এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় ফারাজানা শারমিন পুতুল বলেন, ‘বাংলাদেশ যতবার দুর্দশাগ্রস্ত হয়েছে, বাংলাদেশের জনগণের ওপর যতবার অন্যায়-অত্যাচার নেমে এসেছে এবং দেশ যতবার গণতান্ত্রিক অবস্থান হারিয়েছে, ততবারই জাতীয়তাবাদী দলের হাত ধরে আবার গণতন্ত্রের পদযাত্রা শুরু হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা গর্ব করে বলতে পারি, আমরা সেই দলের একজন ক্ষুদ্র কর্মী।’
দলের নীতি ও আদর্শ থেকে বিচ্যুত না হওয়ার প্রত্যয় ব্যক্ত করে পুতুল বলেন, ‘দলের দেখানো পথ, শহীদ জিয়াউর রহমানের নীতি-আদর্শ এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নীতি-আদর্শ থেকে আমরা এক বিন্দুও বিচ্যুত হব না, ইনশাআল্লাহ।’
বিএনপির পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দরজা সবার জন্য খোলা রয়েছে। আপনারা যদি মনে করেন বিএনপির পতাকাতলে আসবেন, তাহলে আপনাদের সবার জন্য দরজা খোলা রয়েছে।’
জনগণের জন্য কাজ করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা জনগণের জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করি।’ ভবিষ্যৎ বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ এবং ‘সবার আগে বাংলাদেশ’—এই চারটি স্লোগান নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকীতে ঐক্য, সহযোগিতা ও সহমর্মিতার আহ্বান জানিয়ে পুতুল বলেন, ‘আমরা আজকে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঐক্যের আহ্বান জানাতে চাই, সহযোগিতার আহ্বান জানাতে চাই, সহমর্মিতার আহ্বান জানাতে চাই। একতাবদ্ধ হয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সকলের কাছে আহ্বান জানাতে চাই।’
আরও পড়ুনদেশের বিভিন্ন সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, ‘বর্তমান সরকার বাংলাদেশের সবচেয়ে ক্লান্তিকাল, যে ক্লান্তিলগ্নে এসে দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছে।’ বিগত সরকারের রেখে যাওয়া ঋণের দায়, বিদ্যুৎ, গ্যাস, তেল, দুর্নীতি ও মাদকসহ বিভিন্ন সমস্যা মোকাবিলা করে সরকার এগিয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি।
পুতুল বলেন, ‘দেশের সকল পর্যায়ে জনগণের সহযোগিতা যদি আমরা পাই, আমরা বিশ্বাস করি আমরা এ সমস্যা কাটিয়ে উঠতে পারব, ইনশাআল্লাহ।’
বক্তব্যে প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মরণ করে পুতুল বলেন, ‘আজকে প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। যে মহীয়সী নারীর অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ ছিল, বাংলাদেশের অন্য কোনো মানুষ সে ত্যাগ স্বীকার করতে পারেনি।’
পরে তিনি খালেদা জিয়া ও বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন।
পথসভা শেষে একটি র্যালি বের করা হয়, র্যালিটি বাগাতিপাড়া সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। বৃষ্টির মধ্যেও এতে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। র্যালিতে নেতা-কর্মীরা নাচ-গান ও স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করেন।
র্যালির সময় বৃষ্টি শুরু হলে নেতা-কর্মীরা প্রতিমন্ত্রী ছাতা দেওয়ার চেষ্টা করেন। তবে তিনি ছাতা না নিয়ে নেতা-কর্মীদের সঙ্গে বৃষ্টিতে ভিজতে থাকেন। এ সময় তিনি বলেন, ‘আমার মা-বোনেরা ভিজবে আর আমি ছাতা মাথায় দেব, তা হবে না। আমরা সকলে মিলেই ভিজবো।’
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন








