বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার ব্যবসায়ীর জরিমানা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে অনুমোদন ছাড়া সার বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে চার সার ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পৌর এলাকার ওমরপুর বাজার ও উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বদেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওমরপুর ও হাটকড়ই বাজারে কিছু সার ব্যবসায়ী অনুমোদন ছাড়া ও মূল্য তালিকা প্রদর্শন না করে সার বিক্রয় করছেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী চারটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন মেসার্স অংকন ট্রেডার্সের স্বত্বাধিকারী নিরল, মেসার্স মোহসিন ট্রেডার্সের স্বত্বাধিকারী ইব্রাহিম, মেসার্স স্বপন ট্রেডার্সের স্বত্বাধিকারী স্বপন কুমার মহন্ত ও মেসার্স আলহাজ ট্রেডার্সের স্বত্বাধিকারী বেলাল হোসেন। ভ্রাম্যমাণ আদালতের রায়ে মেসার্স অংকন ট্রেডার্সকে ১০ হাজার টাকা, মেসার্স মোহসিন ট্রেডার্সকে ১৫ হাজার টাকা, মেসার্স স্বপন ট্রেডার্সকে ১৫ হাজার টাকা ও মেসার্স আলহাজ ট্রেডার্সকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুনঅভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক। এ সময় নন্দীগ্রাম থানা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
মন্তব্য করুন







