প্রকাশ : ১৮ আগস্ট, ২০২৬ ০৫:৫৩ পিএম
ভারতে পুরস্কৃত হলো বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’
ভারতে পুরস্কৃত হলো বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’
বিনোদন ডেস্ক: এবার ভারতের ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে বাজিমাত করল বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। এই উৎসবের ১৬তম আসরে ‘এশিয়ান আই কম্পিটিশন’ বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে আদনান আল রাজীব পরিচালিত এই চলচ্চিত্র।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে খবরটি জানিয়েছেন চলচ্চিত্রটির প্রযোজক তানভীর হোসেন। তিনি লিখেছেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের ‘এশিয়ান আই প্রতিযোগিতা’ বিভাগে বিজয়ী হয়েছে ‘আলী’।”
একই সঙ্গে উৎসবের আয়োজক, জুরি বোর্ডের সদস্য হরিশ মাল্যা, রজত গোস্বামী ও সেন্থিল কুমারসহ পুরো ‘আলী’ টিম এবং সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
তানভীর হোসেনের দেওয়া সেই পোস্টের মন্তব্য ঘরে নির্মাতা আদনান আল রাজীবকেও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র উপকূলীয় অঞ্চলের আলী নামে এক কিশোর, যে লিঙ্গবৈষম্য ও সাংস্কৃতিক নিষেধাজ্ঞার বিপরীতে দাঁড়িয়ে সংগীত জগতে নিজের নাম লেখাতে চায়। ব্যক্তিস্বাধীনতা ও প্রথা ভাঙার এই চলচ্চিত্রে আলী চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন আল-আমিন।
এর আগে, ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম বিভাগে স্পেশাল মেনশন অর্জন করেছিল চলচ্চিত্রটি। এবার এশিয়ার এই গুরুত্বপূর্ণ আসরে ‘আলী’র জয় বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1786994204.jpg)


_medium_1786974588.jpg)


_medium_1787053568.jpg)

