গাইবান্ধার পলাশবাড়ীতে গৃহবধূকে কুপিয়ে জখম, শরীরে শতাধিক সেলাই
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। বর্তমানে ওই গৃহবধূ মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে শতাধিক সেলাই নিয়ে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত গৃহবধূ শ্রাবণী আক্তার (২৩) উপজেলার মহদীপুর ইউনিয়নের গারানাটা গ্রামের ছামছুল ইসলামের মেয়ে।
ওই গৃহবধূর স্বজনরা জানান, প্রায় চার বছর আগে পলাশবাড়ী পৌরসভার আমবাড়ী গ্রামের আমছার আলীর ছেলে জনি মিয়ার (৩২) সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে শ্রাবণীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল জনি। এরই ধারাবাহিকতায় গত ৯ আগস্ট রাতে গৃধারীপুর গ্রামে তাকে মারধর ও হত্যার চেষ্টা করা হয়। একপর্যায়ে বটি দিয়ে মাথা ও হাতে কোপানো হয় বলে অভিযোগ করেন শ্রাবণীর বাবা ছামছুল ইসলাম।
পরদিন সকালে আহত অবস্থায় শ্রাবণীকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর তাকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলে পরিবারের অভিযোগ। পরে আবার তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে শ্রাবণী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুনএ ঘটনায় আহত শ্রাবণী বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি এজাহার দিয়েছেন বলে জানা গেছে।
মন্তব্য করুন








