শাহজালালে চার ফ্লাইটে অভিযানে, স্বর্ণসহ ৪২ লাখ টাকার পণ্য জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে চারটি আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ, ওষুধ, সিগারেট, নিষিদ্ধ ক্রিম, সিরাম ও বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮৮ হাজার টাকা।
শনিবার (১৫ আগস্ট) রাতে বিমানবন্দর ও সিআইআইডি সূত্রে এসব তথ্য জানা গেছে।
সিআইআইডি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কলম্বো থেকে ঢাকায় আসা শ্রীলঙ্কান এয়ারলাইনসের ইউএল১৮৯ ফ্লাইটের যাত্রী মো. পারভেজকে গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় আটক করা হয়। তল্লাশিতে তার ট্রলির গোপন স্থানে লুকানো ১৩৩ গ্রাম স্বর্ণ এবং লাগেজ থেকে ২ হাজার ৫৮৯ পিস শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ওষুধ উদ্ধার করা হয়। এসব ওষুধ আমদানির প্রয়োজনীয় অনুমতিপত্র ও কাগজপত্র তিনি দেখাতে পারেননি। জব্দ পণ্যের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।
এয়ার ইন্ডিয়ার এআই২৩৭ ফ্লাইটের যাত্রী জনি মিয়ার ব্যাগেজ থেকে ৬ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
এমিরেটসের ইকে০৫৮৬ ফ্লাইটের যাত্রী মো. মিজানুর রহমানের ব্যাগেজ তল্লাশি করে ২৯ কার্টন সিগারেট ও ৭০৮ পিস পাকিস্তানি হোয়াইটিং সিরাম পাওয়া যায়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৪৯ হাজার ১০০ টাকা।
আরও পড়ুনঅন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস৩১৬ ফ্লাইটের যাত্রী সুমা বেগমের ব্যাগেজ থেকে ৩০ কেজি আমদানি নিষিদ্ধ গৌরি ক্রিম উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।
সিআইআইডি জানিয়েছে, চারটি অভিযানে মোট ১৩৩ গ্রাম স্বর্ণ, ২ হাজার ৫৮৯ পিস ওষুধ, ৫১ কার্টন সিগারেট, ৩১ কেজি নিষিদ্ধ ক্রিম, ৭০৮ পিস সিরাম ও ৬ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে।
কর্মকর্তারা জানান, গোপন তথ্য সংগ্রহ, যাত্রী প্রোফাইলিং ও বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারির মাধ্যমে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। চোরাচালান ও অবৈধভাবে পণ্য আমদানি ঠেকাতে সিআইআইডির ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এসব অভিযান চালানো হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








_medium_1786767050.jpg)