ভিডিও শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৪ আগস্ট, ২০২৬ ০৩:১৭ পিএম

ভারতের অগ্নিবীর প্রকল্পে নিয়োগের দাবিতে আন্দোলনে নেপালি তরুণরা

ভারতের অগ্নিবীর প্রকল্পে নিয়োগের দাবিতে আন্দোলনে নেপালি তরুণরা

ভারতীয় সেনাবাহিনীর ‘অগ্নিবীর’ প্রকল্পে নেপালি তরুণ-তরুণীদের অন্তর্ভুক্তি এবং দ্রুত নিয়োগ কার্যক্রম শুরুর দাবিতে আন্দোলন শুরু হয়েছে নেপালে।

আজ শুক্রবার (১৪ আগস্ট) দেশটির পশ্চিমাঞ্চলীয় পর্যটন শহর পোখারায় এ আন্দোলন শুরু হয়।

ভারতীয় সেনাবাহিনীর গোর্খা রেজিমেন্টের সাবেক সেনা কর্মকর্তারা আন্দোলনের সংগঠকের ভূমিকায় রয়েছেন। আগামী ১৬ আগস্ট রোববার সরকারি সফরে পোখারা আসার কথা রয়েছে ভারতীয় সেনাবাহিনীর চিফ অব আর্মি স্টাফ ধিরাজ সেথের। তার সফরকে সামনে রেখে সুনির্দিষ্ট দাবিতে আন্দোলনে নেমেছেন নেপালি তরুণরা।

আন্দোলনকারীদের প্রধান দাবি, ‘অগ্নিবীর’ প্রকল্পে নেপালি তরুণ-তরুণীদের অন্তর্ভুক্ত করতে হবে এবং যত দ্রুত সম্ভব নেপালে এ প্রকল্পের নিয়োগ কার্যক্রম শুরু করতে হবে।

নেপালের নাগরিকদের জন্য ভারত ও ব্রিটিশ সেনাবাহিনীতে পৃথক গোর্খা রেজিমেন্ট রয়েছে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে এই রেজিমেন্টের যাত্রা শুরু হয়। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর যুক্তরাজ্য ও ভারত নিজেদের সেনাবাহিনীতে গোর্খা রেজিমেন্ট বহাল রাখার সিদ্ধান্ত নেয়। একই বছর এ বিষয়ে ব্রিটেন, ভারত ও নেপালের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তিও স্বাক্ষরিত হয়।

বর্তমানে ভারত ও ব্রিটেনের সেনাবাহিনীতে গোর্খা রেজিমেন্টে নেপালি নাগরিকরা কর্মরত রয়েছেন। তথ্যমতে, ভারতীয় সেনাবাহিনীর সাতটি গোর্খা রেজিমেন্টের ৩৯টি ব্যাটালিয়নে বর্তমানে প্রায় ৩২ হাজার নেপালি সেনা রয়েছেন। অন্যদিকে ব্রিটিশ গোর্খা রেজিমেন্টে কর্মরত আছেন প্রায় ৪ হাজার ৯০ জন নেপালি সেনা।

তবে ২০২০ সালে বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পড়ার সময় ভারতীয় গোর্খা রেজিমেন্টে নেপালি নাগরিকদের নিয়োগ স্থগিত করা হয়। সেই স্থগিতাবস্থা এখনো বহাল রয়েছে।

আরও পড়ুন

এর মধ্যে প্রতিরক্ষা ব্যয় কমানোর লক্ষ্যে ২০২২ সালে ‘অগ্নিবীর’ নামে বিশেষ নিয়োগ প্রকল্প চালু করে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। এটি ‘অগ্নিপথ’ প্রকল্পের আওতাধীন। এ প্রকল্পের অধীনে প্রশিক্ষণসহ চার বছরের জন্য তরুণ-তরুণীদের প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ দেওয়া হয়।

চার বছর মেয়াদি চাকরি শেষে নিয়োগপ্রাপ্তদের সর্বোচ্চ ২৫ শতাংশকে স্থায়ীভাবে সেনাবাহিনীতে রাখার বিধান রয়েছে। বাকি ৭৫ শতাংশকে ‘সেবা নিধি’ প্যাকেজের আওতায় এককালীন প্রায় ১১ লাখ ৭১ হাজার রুপি দিয়ে অব্যাহতি দেওয়া হয়। এই অর্থ করমুক্ত।

নেপালি তরুণদের দাবি, ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে নেপালকেও অন্তর্ভুক্ত করা হোক এবং দেশটিতে দ্রুত নিয়োগ কার্যক্রম চালু করা হোক।

তবে নেপাল সরকার এই দাবির সঙ্গে একমত নয়। কাঠমান্ডুর পক্ষ থেকে বলা হয়েছে, অগ্নিবীর প্রকল্পের কাঠামো ১৯৪৭ সালে নেপাল, ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

ফলে একদিকে নেপালি তরুণদের অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবি এবং অন্যদিকে নেপাল সরকারের আপত্তি—এই দুই অবস্থানের মধ্যে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। ভারতীয় সেনাপ্রধানের পোখারা সফরের আগে আন্দোলন শুরু হওয়ায় বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের অগ্নিবীর প্রকল্পে নিয়োগের দাবিতে আন্দোলনে নেপালি তরুণরা

দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

বগুড়া শাহ ফতেহ আলী ব্রিজের নিচের আবর্জনা পরিষ্কারে বিডি ক্লিন ও সিটি কর্পোরেশন

আগামী সপ্তাহের শেষার্ধে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক : এনডিটিভি

সিলেটে হাম উপসর্গ আরও দুই শিশুর মৃত্যু

দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস