ভিডিও শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৮ আগস্ট, ২০২৬ ০৬:২১ পিএম

পর্তুগালে চাকরির আশায় গিয়ে নির্যাতনের শিকার নারী

সংগৃহীত,পর্তুগালে চাকরির আশায় গিয়ে নির্যাতনের শিকার নারী

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের দেশ পর্তুগালে চাকরির আশায় প্রতারণা ও মানবপাচারের শিকার হয়েছেন ২৮ বছর বয়সী এক নারী। তাকে মাসে বড় অঙ্কের বেতনের প্রলোভন দেখায় প্রতারক চক্রটি। পরে ওই নারীকে পর্তুগালের এক বিয়ার দোকান মালিকের কাছে ‘বিক্রি’ করে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
 
জানা গেছে, ভারতের ওই নারী ইনস্টাগ্রামের মাধ্যমে পুনের ‘উই মাইগ্রেট’ নামের একটি পরামর্শক প্রতিষ্ঠানের সন্ধান পান। পরে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করলে তাকে পর্তুগালে ক্যাশিয়ার পদে চাকরির প্রস্তাব দেওয়া হয়। মাসে ১ লাখ ৫০ হাজার রুপি বেতন এবং প্রতিদিন মাত্র আট ঘণ্টা কাজ করতে হবে বলেও তাকে জানানো হয়।
 
চাকরি ও পর্তুগালের ভিসা করিয়ে দেওয়ার কথা বলে ধাপে ধাপে ওই নারীর কাছ থেকে মোট প্রায় ১১ লাখ রুপি নেয় প্রতারকরা। ভিসা ও অন্যান্য কাগজপত্রের খরচের কথা বলে এই অর্থ নেওয়া হয় বলে অভিযোগ।
 
তবে পর্তুগালে পৌঁছানোর পর পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। সেখানে পৌঁছানোর পর কথিত এজেন্টরা ওই নারীর পাসপোর্ট নিয়ে নেয়। এরপর তাকে একটি কক্ষে দুই দিন আটকে রাখা হয় বলে অভিযোগ।
 
পরে ওই নারীকে একটি বিয়ার দোকানের মালিকের কাছে বিক্রি করে দেওয়া হয়। সেখানে তাকে জোর করে কাজ করানো হয়। একই সঙ্গে তার ওপর গুরুতর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।
 
একপর্যায়ে ওই নারী প্রতারকদের কাছে তার পাসপোর্ট ফেরত চান। কিন্তু পাসপোর্ট ফেরত দেওয়ার বদলে তার কাছে আরও টাকা দাবি করা হয়।
 
প্রায় এক মাস ধরে নির্যাতনের শিকার হওয়ার পর ওই নারী পালানোর সুযোগ খুঁজতে থাকেন। একপর্যায়ে একটি পরিকল্পনা করে তিনি সেখান থেকে পালিয়ে যান। প্রথমে বাসে করে লিসবনে যান। পরে সেখান থেকে মাদ্রিদে পৌঁছান। এরপর দোহা হয়ে ভারতে ফিরে আসতে সক্ষম হন।
 
তবে ভারতেও ফিরে প্রতারকদের হাত থেকে রেহাই পাননি ওই নারী। দেশে ফেরার পর প্রতারকরা তাকে আবারও ৩ লাখ রুপি দিতে বলে। এবার মাল্টায় চাকরি দেওয়ার কথা বলে ওই অর্থ দাবি করা হয়।
 
ওই নারী টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার পরিবারকে হুমকি দেওয়া শুরু হয় বলে অভিযোগ। প্রতারকরা তার স্বামীকে হত্যার হুমকি দেয়। একই সঙ্গে তাকে মিথ্যা মামলায় ফাঁসানোরও ভয় দেখানো হয়।
 
শেষ পর্যন্ত এসব ঘটনায় হতাশ হয়ে পুনে পুলিশের কাছে অভিযোগ করেন ওই নারী। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় চলতি সপ্তাহের শুরুতে আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ‘উই মাইগ্রেট’ প্রতিষ্ঠানের পরিচালকরাও রয়েছেন।
 
অভিযুক্তদের বিরুদ্ধে মানবপাচার, প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
 
সূত্র: এনডিটিভি
 
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামের বন্যার্তদের জন্য ৫০০ ঘর বানাবে সালমান খান

উত্তরা মটরসে নিয়োগ, থাকছে না বয়সসীমা

পর্তুগালে চাকরির আশায় গিয়ে নির্যাতনের শিকার নারী

কুয়াকাটায় এক ট্রলারে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৯ লাখ টাকা

ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে নাদিয়া ফার্নিচার

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৩০