ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৭ আগস্ট, ২০২৬ ১২:৪০ এএম

চলতি মাসেই ঘোষণা হতে পারে ছাত্রদলের নতুন কমিটি, আলোচনার কেন্দ্রে যাঁরা

ছবি : সংগৃহীত, চলতি মাসেই ঘোষণা হতে পারে ছাত্রদলের নতুন কমিটি, আলোচনার কেন্দ্রে যাঁরা

সাকিব হাসান : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির )-সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার অপেক্ষা এখন শেষ পর্যায়ে। বর্তমান কমিটির দুই বছরের মেয়াদ গত ১ মার্চ শেষ হওয়ার পর থেকেই সংগঠনের ভেতরে নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়। দলীয় একাধিক সূত্র বলছে, আগস্টের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহেই নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা হতে পারে।

বর্তমান কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তাদের নেতৃত্বাধীন কমিটি ২০২৪ সালের ১ মার্চ দায়িত্ব গ্রহণ করে। দুই বছরের মেয়াদ, তবে ব্যতিক্রমও আছে : ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটির মেয়াদ দুই বছর এবং বিশ্ববিদ্যালয় ও জেলা পর্যায়ের কমিটির মেয়াদ এক বছর। তবে বাস্তবে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় দায়িত্বে থাকার নজিরও রয়েছে। সংগঠনের সর্বশেষ পাঁচটি কেন্দ্রীয় কমিটির মধ্যে চারটি প্রায় দুই বছর দায়িত্ব পালন করেছে। তবে রাজীব–আকরাম কমিটি প্রায় পাঁচ বছর দায়িত্বে ছিল, যা সাম্প্রতিক সময়ের সবচেয়ে দীর্ঘমেয়াদি কেন্দ্রীয় কমিটি হিসেবে পরিচিত।

নতুন কমিটির প্রস্তুতি শেষ পর্যায়ে : বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নতুন কেন্দ্রীয় কমিটির একটি প্রাথমিক খসড়া ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রয়েছে। চূড়ান্ত অনুমোদনের পর যেকোনো সময় কমিটি ঘোষণা করা হতে পারে। সম্ভাব্য ঘোষণাকে সামনে রেখে সভাপতি, সাধারণ সম্পাদকসহ শীর্ষ পদপ্রত্যাশীদের মধ্যে ব্যাপক তৎপরতা দেখা গেছে। দলীয় সূত্র বলছে, সম্ভাব্য প্রার্থীরা তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড ও আন্দোলন-সংগ্রামের ভূমিকা তুলে ধরছেন।

ডজনখানেক নেতা আলোচনায় : সংগঠনসংশ্লিষ্টদের মতে, নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অন্তত ডজনখানেক নেতার নাম ঘুরেফিরে আলোচনায় রয়েছে। এর মধ্যে বর্তমান কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ নেতা, সাবেক কেন্দ্রীয় নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্রনেতারা রয়েছেন।

সভাপতি পদে যাঁদের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে, তাঁরা হলেন— কেন্দ্রীয় ছাত্রদলের বর্তমান সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান।কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি আনোয়ার পারভেজ,মনজুরুল আলম রিয়াদ, ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। কেন্দ্রীয় ছাত্রদলের প্রচার সম্পাদক শরিফ প্রধান শুভ। কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি খোরসেদ আলম সোহেল।

সাধারণ সম্পাদক পদে সম্ভাব্যরা : সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন— কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের আস্থাভাজন ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান শাকিল। যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স। তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল।

আরও পড়ুন

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন এবং ১ নম্বর সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিকের নামও আলোচনায় রয়েছে। নেতাদের প্রত্যাশা: ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল বলেন, নতুন কেন্দ্রীয় কমিটিতে দীর্ঘদিনের রাজপথের পরীক্ষিত, ছাত্রবান্ধব ও সাংগঠনিকভাবে দক্ষ নেতাদের স্থান পাওয়া উচিত। একই সঙ্গে গণ-অভ্যুত্থান-পরবর্তী বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেতৃত্ব দিতে সক্ষম ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী জাহিদ হাসান শাকিল বলেন, দেশের ছাত্র সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। ব্যক্তিগত স্বার্থ নয়, সংগঠনের আদর্শকে ধারণ করেই তিনি কাজ করতে চান। তিনি বলেন, "পদ বড় নয়, দায়িত্বই বড়। যে অবস্থানেই থাকি, সংগঠনের জন্য সর্বোচ্চ অবদান রাখাই আমাদের লক্ষ্য।

যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ বলেন, ছাত্রদল একটি গতিশীল সংগঠন এবং কমিটি গঠন একটি ধারাবাহিক প্রক্রিয়া। তারেক রহমান আন্দোলন-সংগ্রামে সক্রিয়, মামলা-হামলার শিকার, ত্যাগী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। সভাপতি পদপ্রত্যাশী ও বর্তমান ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান বলেন, কমিটির মেয়াদ শেষ হয়েছে। তাই দ্রুত নতুন কমিটি ঘোষণার জন্য তাঁরা সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের কাছে অনুরোধ জানাবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী বলেন, দায়িত্ব পেলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালনকারী সংগঠন হিসেবে গড়ে তুলতে চান। নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত ১৭ বছরে ছাত্রদল করতে গিয়ে তিনি ছাত্রলীগ ও পুলিশের হাতে একাধিকবার নির্যাতনের শিকার হয়েছেন। ছয়বার আটক হয়ে প্রায় দুই বছর কারাগারে ছিলেন, ৩৩ দিন রিমান্ডেও কাটিয়েছেন। একবার গুমের শিকার হয়েও ফিরে আসার অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন।

তৃণমূলের প্রত্যাশা: ছাত্রদলের নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আন্দোলন-সংগ্রামে সক্রিয়, ত্যাগী, সাংগঠনিকভাবে দক্ষ এবং ছাত্রসমাজে গ্রহণযোগ্য নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের ভাবনা ও রাজনৈতিক বাস্তবতা অনুধাবনের সক্ষমতাকেও গুরুত্ব দেওয়া হবে। তবে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি সংগঠনের দায়িত্বশীল নেতারা। তাঁদের ভাষ্য, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই নতুন কেন্দ্রীয় নেতৃত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি মাসেই ঘোষণা হতে পারে ছাত্রদলের নতুন কমিটি, আলোচনার কেন্দ্রে যাঁরা

ছাত্রদলের উদ্যোগে জবিতে মৌসুমি ফল উৎসবের আয়োজন

জ্বালানি খাত বেসরকারিকরণ সার্বভৌমত্বের জন্য হুমকি: ব্যারিস্টার ফুয়াদ

জুলাই স্মৃতি জাদুঘরে পরিকল্পিত ভাবে আ. লীগের ইতিহাস দেখানো হয়েছে

বগুড়ায় এসে দইয়ের স্বাদ নিলেন পলাশ, প্রত্যয় হিরন, তাশরিফ

জাদুঘরে রাখা লাল ফোনে হাসিনার নির্দেশনা শুনে হতবাক দর্শনার্থীরা