ভিডিও বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩০ জুলাই, ২০২৬ ১০:০৮ পিএম

বগুড়ার শাজাহানপুরে পুলিশ পরিচয়ে রিসোর্টে লুটপাটের অভিযোগ

ছবি: সংগৃহীত, বগুড়ার শাজাহানপুরে পুলিশ পরিচয়ে রিসোর্টে লুটপাটের অভিযোগ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: পুলিশের পরিচয় দিয়ে গভীর রাতে শাজাহানপুর উপজেলার একটি রিসোর্টে ঢুকে কর্মচারীদের জিম্মি করে বিপুল পরিমাণ মালামাল লুটের অভিযোগ উঠেছে। মুখোশধারী একদল দুর্বৃত্ত উপজেলার গোহাইল ইউনিয়নের জামাদারপুকুর নামক স্থানে অবস্থিত ‘গ্রিন গার্ডেন’ নামের একটি রিসোর্টে তান্ডব চালিয়ে টাকা, মোবাইল ফোন, বৈদ্যুতিক সরঞ্জাম ও বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে যায় বলে অভিযোগ করেছেন রিসোর্ট কর্তৃপক্ষ।

রিসোর্ট পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্রিন হাউজিং অ্যান্ড এনার্জি লিমিটেড’র ম্যানেজার মানস মিস্ত্রী শাজাহানপুর থানায় দেয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন, বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে রিসোর্টের প্রধান ফটকে এসে ৫-৭ জন মুখোশধারী নিজেদের পুলিশ পরিচয় দেয়। তাদের হাতে ওয়াকিটকি ছিল। গেটে থাকা নিরাপত্তাকর্মীকে তারা জানায়, গেট খুলুন। রিসোর্টের ভেতরে একজন আসামি আছে। গেট খুলতেই নৈশ প্রহরী ফেরদৌস মিয়াকে মারধর করে। পরে অপর নিরাপত্তাকর্মী বিমল বড়ুয়ার কাছে তাকে নিয়ে যায়। এরপর ফেরদৌস মিয়া, তার স্ত্রী সুমাইয়া আক্তার মৌ, তাদের সন্তান এবং প্রহরী বিমল বড়ুয়াকে একটি কক্ষে আটকে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় দুর্বৃত্তরা। এরপর দুর্বৃত্তরা রিসোর্টের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ২০টি বৈদ্যুতিক ফ্যান, একটি গ্যাসের চুলা, ১২ ভোল্টের ১টি ব্যাটারি, নিরাপত্তাকর্মীদের দুটি মোবাইল ফোন, ২৫ হাজার টাকা এবং ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তার খুলে নেয়। পরে রিসোর্টের বাইরে রাখা একটি পিকআপ ভ্যানে করে মালামাল নিয়ে সটকে পড়ে। ঘটনার পর রাতেই থানায় লিখিত অভিযোগ দেয় রিসোর্ট কর্তৃপক্ষ। অভিযোগ পেয়ে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হযরত আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল জানান, গ্রিন গার্ডেন রিসোর্টে মালামাল চুরি ও লুটের অভিযোগ পেয়েছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে পুলিশ পরিচয়ে রিসোর্টে লুটপাটের অভিযোগ

অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থের অপচয় চলবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বগুড়ায় সিটি কর্পোরেশনের বকেয়া ভাড়া আদায়ের অভিযান

বগুড়ার রাজাবাজারের ব্যবসায়ী গফুর ও তার স্ত্রী-ছেলেসহ ৮ জনের জেল জরিমানা

রংপুর মেডিকেলে আইসিইউতে শয্যা বৃদ্ধিসহ নিরাপত্তা জোরদার করা হবে : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

জুলাই কারো একার নয়, এটি  সর্বস্তরের মানুষের বিপ্লব -রেজাউল করিম বাদশা এমপি