ভিডিও বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৯ জুলাই, ২০২৬ ০৬:১৭ পিএম

পটুয়াখালীতে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

পটুয়াখালীতে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণ এবং জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগে আদালতে মামলা হয়েছে।

আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানাকে এজাহার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত শহিদুল ইসলাম বর্তমানে পলাতক।

মঙ্গলবার রাতে বাদীপক্ষের আইনজীবী মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গত ২২ জুলাই ওই নারী বাদী হয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন। ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিন অভিযোগটি আমলে নিয়ে সদর থানাকে এজাহার হিসেবে গ্রহণ ও আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রায় সাত বছর আগে বাদীর স্বামী মারা যান। এরপর তিনি একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। গত ২৪ মার্চ পূর্ব পরিচিত শহিদুল তাকে বিয়ের আশ্বাস দিয়ে বোনের বাসায় নিয়ে একটি কক্ষে আটকে ধর্ষণ করেন। পরে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করায় তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

বাদীর অভিযোগ, গর্ভধারণের পর শহিদুল তাকে গর্ভপাত করানোর জন্য চাপ দেন। তিনি রাজি না হওয়ায় গত ১৮ মে চিকিৎসকের কাছে নেওয়ার কথা বলে তাকে একটি ক্লিনিকে নিয়ে ওষুধ খাওয়ানো হয়। ওষুধ সেবনের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরে তিনি জানতে পারেন, তার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে।

আরও পড়ুন

বাদীপক্ষের আইনজীবী মো. হুমায়ুন কবির বলেন, ‘বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে শহরে এনে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে সদর থানাকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

জেলা জামায়াতের একটি সূত্র জানিয়েছে, অভিযোগের বিষয়ে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জেলা জামায়াতের সভায় বিষয়টি আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে পটুয়াখালী জেলা জামায়াতের আমির নাজমুল আহসান বলেন, ‘বিষয়টি আদালতে বিচারাধীন। আদালতের রায়ের আগে এ বিষয়ে মন্তব্য করা সমীচীন নয়। আদালতে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘আদালতের আদেশের কপি থানায় পৌঁছেছে। আদেশ অনুযায়ী মামলা রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

রাষ্ট্রপতি হবেন জাতির অভিভাবক, কারও আজ্ঞাবহ নন

নারীরা ব্যাগে সব সময় কেন লিপস্টিক রাখেন

ব্র্যাক ব্যাংকের এসএমই ফান্ডস আন্ডার ম্যানেজমেন্ট ৫৬,০০০ কোটি টাকা ছাড়িয়েছে

তিতাস গ্যাসের নিয়োগ বিজ্ঞপ্তি, ১৩৫ জনের চাকরির সুযোগ

পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার