ইতালির ফুটবলের সংকট আর ঘনীভূত, পদ ছাড়লেন মালদিনি ও লিওনার্দো
স্পোর্টস ডেস্ক : ইতালীয় ফুটবলের সংকট যেন কিছুতেই কাটছে না। দায়িত্ব নেওয়ার মাত্র ১৬ দিনের মাথায় ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) থেকে একযোগে পদত্যাগ করেছেন দলটির কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনি ও ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার লিওনার্দো। মূলত জাতীয় দলের নতুন কোচ হিসেবে আন্দ্রেয়া পিরলোর নিয়োগ প্রক্রিয়া আকস্মিকভাবে বাতিল করার প্রতিবাদেই তারা এই চরম সিদ্ধান্ত নিয়েছেন।
টানা তিনবার বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর ইতালি জাতীয় দলকে নতুন করে ঢেলে সাজানোর লক্ষ্যে গত ১১ জুলাই এফআইজিসির টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পান মালদিনি। একই সঙ্গে তার উপদেষ্টা হিসেবে যোগ দেন লিওনার্দো। গত মার্চে জেন্নারো গাত্তুসোর বিদায়ের পর থেকে ফাঁকা থাকা কোচ পদে কার্লো আনচেলত্তি ও পেপ গার্দিওলা প্রস্তাব ফিরিয়ে দিলে, মালদিনি নিজেই উদ্যোগী হয়ে সাবেক সতীর্থ আন্দ্রেয়া পিরলোকে রাজি করিয়েছিলেন। তবে রবিবার সন্ধ্যায় ইতালীয় ফুটবল ফেডারেশনের সভাপতি জিওভান্নি মালাগোর এক ফোন কলেই ভেস্তে যায় পিরলোর নিয়োগ প্রক্রিয়া। মূলত রাশিয়ার একটি বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক সম্পৃক্ততা এবং সংযুক্ত আরব আমিরাতে এক রুশ ধনকুবেরের মালিকানাধীন ক্লাবে কোচিং করানোর অভিযোগে পিরলোকে নিয়ে তীব্র আপত্তি তোলে ফেডারেশন। শীর্ষপর্যায়ের এমন হস্তক্ষেপের জের ধরেই পদত্যাগের পথ বেছে নেন মালদিনি ও লিওনার্দো।
আরও পড়ুনএদিকে নিজের বিরুদ্ধে ওঠা বিতর্কের জবাবে এক বিবৃতিতে পিরলো বলেন, যে পেশাদার সহযোগিতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তা সম্পূর্ণ বাণিজ্যিক ও ক্রীড়াসংক্রান্ত। এর সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্য বা অর্থ খোঁজা ঠিক নয়। আমার ওপর এমন কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে, যা আমার চিন্তাধারার সঙ্গে মোটেও সঙ্গতিপূর্ণ নয়।
মন্তব্য করুন








