যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন প্রার্থী ঠিক করবে দল : মির্জা ফখরুল
রংপুর ও ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেছেন, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী বর্তমানে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।
তিনি বলেন, আমরা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসা ও ভোটে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছি। বিএনপি একবার নয়, পাঁচবার সরকার পরিচালনার দায়িত্ব পালন করেছে। বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলেন, তাদের জ্ঞানের অভাব রয়েছে অথবা তাদের মানসিকতা সে রকমভাবে গড়ে উঠেছে। গতকাল সোমবার সকালে রংপুর নগরীর টার্মিনাল মৎস্য আড়ৎ এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
রংপুর অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, কৃষকদের আয় বৃদ্ধি এবং কৃষিজাত পণ্যের সুষ্ঠু সংরক্ষণের লক্ষ্যে এ অঞ্চলে কৃষি সংরক্ষণাগার (এগ্রিকালচারাল হাব) নির্মাণ করা হবে। একইসাথে এ অঞ্চলের উৎপাদিত পণ্যকে রপ্তানিমূখী করতে সরকার নানামূখী উদ্যোগ গ্রহণ করেছে। ব্যবসায়ীদের উদ্দেশে মন্ত্রী বলেন, উৎপাদনমুখী খাতে বিনিয়গের মানসিকতা গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। উৎপাদন ও বিনিয়োগ বৃদ্ধি পেলে এ অঞ্চলের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন- বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক একেএম তারেক, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবার রহমান বেলাল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম প্রমুখ।
এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বিআরডিবি রংপুর বিভাগীয় কার্যালয় ও রংপুর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে তিন দিনব্যাপী পল্লীমেলার উদ্বোধন করেন। পরে অনুষ্ঠানে সুফলভোগীদের মাঝে গাছের চারা, ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণ এবং কিশোরীদের প্রণোদনার চেক বিতরণ করা হয়।
উল্লেখ্য, তিন দিনব্যাপী পল্লীমেলায় ২৯টি স্টল স্থান পেয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে।
এদিকে গতকাল সন্ধ্যায় ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি হাসপাতালটি ৬শ’ শয্যায় রুপান্তর এবং একইসাথে কিছুদিনের মধ্যে ৬শ’ শয্যা হাসপাতালের জন্য চিকিৎসক, টেকনিশিয়ান, যন্ত্রপাতি, ওষুধ এবং প্রয়োজনীয় লোকবল নিয়োগের প্রক্রিয়া চালুর ব্যাপারে উদ্যোগ গ্রহণের কথা জানান। এছাড়াও সভায় হাসপাতালে বিদ্যমান সমস্যা ও তা সমাধানের বিষয়েও বিস্তারিত আলোচনা করেন।
সভায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল, সিভিল সার্জন ডা. মো. আব্দুর রহমানসহ অন্যান্য চিকিৎসক, হাসপাতাল ব্যবস্থাপনার কমিটির সদস্যবৃন্দ।
মন্তব্য করুন






