প্রকাশ : ২৬ জুলাই, ২০২৬ ০৭:০৬ পিএম
খালি পেটে কফি পান করলে কী হয়
খালি পেটে কফি পান করলে কী হয়
লাইফস্টাইল ডেস্ক : দিনের শুরুতে চোখের ঘুম কাটাতে, কাজে মন বসাতে কিংবা সতেজ অনুভব করতে খালি পেটেই অনেকে ধোঁয়া ওঠা কফির মগ হাতে নেন। তবে এই অভ্যাস সবার জন্য সমান উপকারী নাও হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, খালি পেটে কফি পান করলে কিছু মানুষের ক্ষেত্রে অস্বস্তি বা স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে, আবার অনেকের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা নাও হতে পারে। তাই শরীরের প্রতিক্রিয়া বুঝে অভ্যাস গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
পেটে অস্বস্তি বাড়তে পারে
কফি পাকস্থলীতে অ্যাসিড নিঃসরণ বাড়াতে পারে। যাদের গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি বা বুকজ্বালার সমস্যা রয়েছে, তারা খালি পেটে কফি পান করলে পেটে জ্বালাপোড়া, টক ঢেকুর বা অস্বস্তি বেশি অনুভব করতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ‘টাফ্টস মেডিকেল সেন্টার’য়ের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. সুপ্রিয়া রাও এর মতে, ‘খালি পেটে কফি পানের বদলে কিছু হালকা খাবারের সঙ্গে গ্রহণ করা ভালো। এতে পেটে সরাসরি অ্যাসিডের প্রভাব কমে এবং ডায়রিয়া বা ‘আইবিএস’-এর মতো রোগীদের জন্য আরামদায়ক হয়।’
ডা. রাও একই প্রতিবেদনে বলেন, ‘যাদের আগে থেকেই গ্যাস্ট্রিক বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে খালি পেটে কফি খাওয়া সমস্যা বাড়াতে পারে। এমনকি যাদের পেটে আলসার রয়েছে, তাদের জন্য এই অভ্যাস আরও ক্ষতিকর হতে পারে।’
কর্টিসল হরমোনের ওপর প্রভাব
ঘুম থেকে ওঠার পর শরীরে স্বাভাবিকভাবেই কর্টিসল নামের একটি হরমোনের মাত্রা তুলনামূলক বেশি থাকে। এটি আমাদের জাগ্রত ও সতর্ক থাকতে সাহায্য করে। খালি পেটে অতিরিক্ত কফি পান করলে কিছু মানুষের ক্ষেত্রে অস্থিরতা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া বা উদ্বেগের অনুভূতি বাড়তে পারে। যদিও এ বিষয়ে সংবেদনশীল ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ দেন ডাক্তাররা।
হাত কাঁপা বা অস্থির লাগতে পারে
কফির ক্যাফেইন স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে। ফলে খালি পেটে কফি পান করলে কারও কারও হাত কাঁপা, ঘাম হওয়া, অস্থিরতা বা নার্ভাস লাগার মতো উপসর্গ দেখা দিতে পারে। যারা ক্যাফেইনের প্রতি বেশি সংবেদনশীল, তাদের ক্ষেত্রে এ ঝুঁকি তুলনামূলক বেশি।
রক্তে শর্করার ওঠানামা
খালি পেটে ক্যাফেইন গ্রহণ করলে কিছু মানুষের শরীরে রক্তে শর্করা নিয়ন্ত্রণের স্বাভাবিক প্রক্রিয়ায় সাময়িক প্রভাব পড়তে পারে। বিশেষ করে যাদের ডায়াবেটিস বা প্রিডায়াবেটিস রয়েছে, তাদের এ বিষয়ে সচেতন থাকা উচিত।
পেট খারাপ হতে পারে
কফি অন্ত্রের কার্যক্রমকে উদ্দীপিত করে। তাই খালি পেটে কফি পান করার পর অনেকের দ্রুত টয়লেটে যাওয়ার প্রবণতা বা পাতলা পায়খানার মতো সমস্যা দেখা দিতে পারে।এ বিষয়ে ডা. রাও বলেন, ‘যাদের কফি পানে পেটে অস্বস্তি হয় বা মলত্যাগের ধরনে পরিবর্তন আসে, তাদের আমি কফির পরিমাণ কমাতে বলি।’
সবার ক্ষেত্রে কি একই প্রভাব পড়ে
না। প্রত্যেক মানুষের শরীর আলাদা। কেউ খালি পেটে কফি পান করেও কোনো সমস্যা অনুভব করেন না, আবার কেউ সামান্য কফিতেই অস্বস্তি বোধ করেন। তাই অন্যের অভ্যাস দেখে নিজের অভ্যাস গড়ে তোলার বদলে নিজের শরীরের প্রতিক্রিয়াকে গুরুত্ব দেয়া উচিত।
কীভাবে কফি পান করলে ভালো
সকালে কফি পানের আগে একটি কলা, কিছু বাদাম, ওটস, ডিম বা এক টুকরো টোস্ট খেয়ে নিতে পারেন। প্রতিদিন অতিরিক্ত কফি পান না করে পরিমিত পরিমাণে পান করুন। সুস্থ প্রাপ্তবয়স্কদের জন্য দিনে মোট ক্যাফেইন প্রায় ৪০০ মিলিগ্রামের মধ্যে রাখা সাধারণভাবে নিরাপদ বলে ধরা হয়। গ্যাস্ট্রিক, আলসার বা অ্যাসিডিটির সমস্যা থাকলে খালি পেটে কফি এড়িয়ে চলাই ভালো। কফি পান করার পর যদি নিয়মিত অস্বস্তি, বুকজ্বালা বা পেটব্যথা হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন।
কফি ক্ষতিকর নয়; বরং পরিমিত পরিমাণে পান করলে এটি মনোযোগ বাড়াতে, ক্লান্তি কমাতে এবং কিছু দীর্ঘমেয়াদি স্বাস্থ্য উপকারও দিতে পারে। তবে খালি পেটে কফি পান করলে সবার শরীর একইভাবে প্রতিক্রিয়া দেখায় না। তাই নিজের শরীরের সংকেতকে গুরুত্ব দিন। যদি খালি পেটে কফি পান করার পর বারবার অস্বস্তি হয়, তাহলে খাবারের পর কফি পান করার অভ্যাসই হতে পারে আপনার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





