ইতিহাসকে সবচেয়ে বেশি বিকৃত করে আওয়ামী লীগ : বগুড়ায় জ্বালানী ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
স্টাফ রিপোর্টার : জ্বালানী ও বিদ্যুৎ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মুহমুদ টুকু প্রধানমন্ত্রী তারেক রহমানকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরী এবং ন্যাশনাল লিডার উল্লেখ করে বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় কর্মকাণ্ডে ডিসিপ্লিন প্রতিষ্ঠা করেছেন- যা ৯০ এর পরে কেউ করেনি।
তিনি সরকারের প্রত্যেক কর্চারী, সচিব ও মন্ত্রীদের সকাল ৯টার মধ্যে সচিবালয়ে উপস্থিতি নিশ্চিত করেছেন-এটা সবচেয়ে বড় অর্জন। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে মাত্র ৪ বছরে বাংলাদেশকে ঘুরিয়ে দিয়েছিলেন ঠিক সেইভাবে তারেক রহমান বাংলাদেশকে ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। তিনি আমাদের ন্যাশনাল লিডার।
আজ শনিবার (২৫ জুলাই) দুপুরে বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথাগুলো বলেন। স্থানীয় পাঁচ তারকা হোটেল মম-ইন’এ অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা সংস্থার সভাপতি প্রবীণ চিকিৎসক সিএম ইদ্রিসের সভাপতিত্বে সেমিনারে বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা এবং সিরাজগঞ্জ জেলার সরকার এবং বিরোধী দলীয় সংসদ সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। বিএনপি’র অন্যতম নীতিনির্ধারক জ্বালানী ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, ইতিহাসকে সবচেয়ে বিকৃত করে আওয়ামী লীগ। তারা ইতিহাসকে নিজেদের মত করে তৈরি করে। যখনই ক্ষমতায় আসে তখন পারলে সবকিছু নিজেদের নামে করে ফেলে।
এমন প্রবণতা বিএনপি’র নেই উল্লেখ করে তিনি বলেন, ইতিহাসকে তার নিজের মত করে চলতে দিতে হবে। কাউকে অযথা হিরো কিংবা জিরো বানানো যাবে না। ইতিহাস কখনো বন্ধ হয় না, ইতিহাস খোলা থাকে। সেখানে নতুন নতুন তথ্য যোগ হয়। কেবলমাত্র ঐতিহাসিক যারা ইতিহাস চর্চা করেন তারাই ইতিহাসকে ঠিক করবেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামী ব্যাপক প্রপাগান্ডা চালিয়েছিল উল্লেখ করে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, তারা মহিলাদের দিয়ে তাদের তালিমী টিম দিয়ে জান্নাতের কথা এমনভাবে প্রচার করেছিল যে বিএনপি নয় জামায়াতে ইসলামী ক্ষমতায় আসছে। জামায়াতের এমন তৎপরতায় নির্বাচনে অনেক পরিশ্রম করতে হয়েছে উল্লেক করে তিনি আরও বলেন, অতীতে আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক নির্বাচন করেছি কিন্তু এত পরিশ্রম করতে হয়নি।
এবার জামাতে মহিলা তালিম গ্রুপ এমন পরিস্থিতি সৃষ্টি করেছিল যে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নির্বাচনের মত নির্বাচন করতে হয়েছিল। কিন্তু তাদের এসব তৎপরতায় জনগণ বিভ্রান্ত হয়নি। দিন শেষে তারা বিএনপি’র ওপরই আস্থা রেখেছে।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে জানিয়ে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পর ক্ষমতায় এসেই আওয়ামী লীগ চেটেপুটে খেয়ে আরো বড় বৈষম্য তৈরি করেছে। দেশে বিদ্যুৎ ঘাটতি দূর করতে আগামী ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। সেই সাথে পুরো দেশে সোলার প্যানেল ছড়িয়ে দেয়ার কাজও শুরু হয়েছে।
নির্বাচনের পর অর্থনৈতিকভাবে একেবারে ভঙ্গুর একটি দেশকে পেয়েছেন উল্লেখ করে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এই অবস্থা থেকে মন্ত্রী-এমপিদের খরচ কমিয়ে যুদ্ধকালীন সরকার যেভাবে দেশ চালান আমাদের প্রধানমন্ত্রী সেভাবে কাজ করছেন। ৫ বছরের মধ্যে পাহাড়সম কাজ করা সম্ভব নয়।
বিগত সরকারের মত দীর্ঘমেয়াদী সময় বেঁধে আমরা বলতেও চাই না, এত সালের মধ্যে আমরা এই করবো। আমরা বলবো, ৩০ সালের পর জনগণ যদি আমাদের চায় তবে আমরা নির্বাচনে জয়ী হয়ে আরও কাজ করবো। এখন আমরা বলবো আমরা শুরু করে দিয়েছি।
আরও পড়ুনবিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দুর্নীতি নেই, অর্থপাচার নেই, উন্নয়ন কেন হচ্ছে-এটাই এখন কিছু মানুষের কাছে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে। উত্তরাঞ্চলের এই পাঁচটি জেলা দীর্ঘ ২০ বছর অবহেলার শিকার ছিল। এসব জেলার উন্নয়নে বর্তমান সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। পর্যায়ক্রমে এ অঞ্চলের কাঙ্খিত সব উন্নয়নের চাহিদা পূরণ করা হবে।
তবে তা ঢাকঢোল পিটিয়ে নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান পুরো দেশের সুষম উন্নয়ন করতে বদ্ধ পরিকর। তিনি এ অঞ্চলের উন্নয়নের জন্য মুখপাত্র হিসাবে কাজ করার জন্য প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকুকে অনুরোধ জানান। জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে সরকার সুষম উন্নয়ন করতে চায়।
সেমিনারে আরও বক্তব্য রাখেন- বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান, গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আয়নুল হক, বগুড়া-জয়পুরহাট সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, টিএমএসএস’র নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম।
স্বাগত বক্তব্য রাখেন বগুড়া ইতিহাস চর্চা ও গবেষনা কল্যাণ সংস্থার উপদেষ্টা ডা. মুশিহুর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন ওই সংস্থার সদস্য এবং বগুড়া সরকারি মুজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বগুড়া ইতিহাস চর্চা ও গবেষনা কল্যাণ সংস্থার সদস্য ও সেমিনার আয়োজক কমিটির আহবায়ক ডা. মতিউর রহমান।
সেমিনারে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান প্রশাসনিক বিকেন্দ্রীকরণের স্বার্থে বগুড়া বিভাগ গঠনের দাবি জানান। সেমিনারে বক্তারা বলেন, উত্তরাঞ্চলকে সুপরিকল্পিতভাবে ধ্বংসের জন্য এই অঞ্চলের শিল্পগুলোকে ধ্বংস করা হয়েছে। তারা আরও বলেন, উত্তরাঞ্চলের পাঁচ জেলার কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও মানবসম্পদের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
এসব সম্ভাবনাকে কাজে লাগাতে শিল্পায়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের বিকল্প নেই। একই সঙ্গে আঞ্চলিক বৈষম্য দূর করে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে উত্তরাঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বগুড়া ইতিহাস চর্চা ও গবেষনা কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার । সেমিনারে বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলার আরও সংসদ সদস্য ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ জন অধ্যাপক ও গবেষকসহ বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।
মন্তব্য করুন








