স্ত্রী হত্যার পর বিদেশে পালানোর চেষ্টা, বিমানবন্দরে স্বামী আটক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় স্ত্রীকে হত্যার পর বিদেশে পালানোর চেষ্টার অভিযোগে স্বামী রাসেলকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ।
নিহত গৃহবধূ সম্পা আক্তার (৩২) উপজেলার সফিপুরের আন্দারমানিক জামতলা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে পারিবারিক কলহের জের ধরে রাসেল তার স্ত্রী সম্পা আক্তারকে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচার করার উদ্দেশ্যে লাশ জিরানী কেপিজে হাসপাতালে নিয়ে যান তিনি। সেখান থেকে নিহতের স্বজনদের ফোন করে সম্পা আত্মহত্যা করেছেন বলে জানান রাসেল।
তবে পরিবারের সদস্যদের বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থল ও পরিস্থিতি পর্যালোচনা করে তদন্ত শুরু করে।
এদিকে ঘটনার পর রাসেল দ্রুত দেশ ছাড়ার চেষ্টা করেন। গত ১৯ জুলাই সিঙ্গাপুর যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়। পরে কালিয়াকৈর থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
আরও পড়ুন
কালিয়াকৈর থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম (পিপিএম) বলেন, “স্ত্রীকে হত্যার পর আসামি বিদেশে পালানোর চেষ্টা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে।”
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও হত্যাকাণ্ডের বিস্তারিত জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





