ঢাকার অন্যতম নাট্যদল ঢাকা পদাতিক তাদের ৩৮তম প্রযোজনা ‘ট্রায়াল অব সূর্যসেন’র ৪৪তম মঞ্চায়ন করতে যাচ্ছে। আগামী শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে নাটকটি মঞ্চস্থ হবে।
শুক্রবার শিল্পকলা একাডেমিতে ‘ট্রায়াল অব সূর্যসেন’
ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর সেনানী মাস্টারদা সূর্যসেনের প্রহসনমূলক বিচার ও হত্যাকাণ্ডকে উপজীব্য করে নির্মিত নাটকটির রচনা ও মূল নির্দেশনা দিয়েছেন একুশে পদকপ্রাপ্ত নাট্যজন মাসুম আজিজ। তার মৃত্যুর পর নাটকটির নবনির্দেশনার দায়িত্ব পালন করছেন প্রথিতযশা অভিনেতা ও নির্দেশক নাদের চৌধুরী।
ঐতিহাসিক প্রেক্ষাপট, শক্তিশালী সংলাপ ও নির্মাণশৈলীর কারণে নাটকটি দর্শকপ্রিয়তা অর্জন করেছে।
নবনির্দেশনার অভিজ্ঞতা তুলে ধরে নাদের চৌধুরী বলেন, ট্রায়াল অব সূর্যসেন’ ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাসভিত্তিক একটি গুরুত্বপূর্ণ নাটক। এর রচনা ও নির্দেশনা দিয়েছেন একুশে পদকপ্রাপ্ত মাসুম আজিজ ভাই। তাঁর প্রয়াণের পর প্রয়োজন অনুযায়ী কিছু অংশে অলংকরণ করে নবনির্দেশনার কাজটি করেছি। নাটকে আমি মাস্টারদা সূর্যসেন চরিত্রে অভিনয় করছি। ইতিহাসভিত্তিক এই নাটক বর্তমান প্রজন্মের অবশ্যই দেখা উচিত।
আরও পড়ুনপ্রায় ৪০টি চরিত্র নিয়ে নির্মিত নাটকটির উল্লেখযোগ্য চরিত্রগুলোর মধ্যে রয়েছে সূর্যসেন, কল্পনা দত্ত, তারকেশ্বর দস্তিদার, প্রীতিলতা ওয়াদ্দেদার, অম্বিকা চক্রবর্তী, নির্মল সেন, ব্রিটিশ উকিল, নেত্র সেন ও বাঙালি উকিল। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মনজুরুল ইসলাম নান্টু, সাবিহা জামান, হাসনাহেনা শিল্পী, মামুন উর রশিদ, শ্যামল হাসান, আক্তার হোসেন, রবিউল মিলটন, কাজী সম্রাট, তারেক আলী মিলন, আতিকুর রহমান, আল আমিন স্বপন, সুমন ঘোষ, ফারজানা নিপা, আরিফ, মাকসুদ ও জাহিদ প্রমুখ।
নাটকটির আলোক পরিকল্পনায় রয়েছেন জাকারিয়া কিরণ, সংগীত পরিচালনায় আবুল বাশার সোহেল এবং মঞ্চ ব্যবস্থাপনার দায়িত্বে আছেন শ্যামল হাসান।
২০১৮ সালের ১৮ জানুয়ারি ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপর দেশ-বিদেশে একাধিক সফল মঞ্চায়নের মধ্য দিয়ে ইতিহাসভিত্তিক এই নাট্যপ্রযোজনাটি দর্শকমহলে বিশেষ গ্রহণযোগ্যতা অর্জন করেছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








