পাথরঘাটায় বন বিভাগের চারা রোপণে যাওয়ার পথে ট্রলারডুবি, শ্রমিক নিখোঁজ
বরগুনার পাথরঘাটায় বন বিভাগের গাছের চারা রোপণের কাজে যাওয়ার পথে ইঞ্জিনচালিত একটি ট্রলার ডুবে জাহাঙ্গীর (৪৫) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
আজ বুধবার (১৫ জুলাই) বেলা ১১ টার দিকে পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের পদ্মা স্লুইস সংলগ্ন বলেশ্বর নদীর মাছের খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জাহাঙ্গীর সদর ইউনিয়নের পশ্চিম বাদুরতলা ৮ নম্বর ওয়ার্ডের মৃত ছাহেদ হাওলাদারের ছেলে।
ট্রলারের মাঝি ইব্রাহিম জানান, বন বিভাগের চারা রোপণ কাজে অংশ নিতে আটজন শ্রমিক পদ্মা স্লুইস এলাকা থেকে ট্রলারে করে রওনা দেন। পথে মাছের খাল এলাকায় পৌঁছালে নদীতে হঠাৎ তীব্র ঢেউয়ের সৃষ্টি হয়। এতে মুহূর্তের মধ্যে ট্রলারটি উল্টে যায়।
তিনি আরও জানান, ট্রলারডুবির পর সবাই নদীতে পড়ে যান এবং সেখানে থাকা গোপজালের খুঁটি ধরে ভেসে থাকার চেষ্টা করেন। এ সময় একবার জাহাঙ্গীরকে দেখা গেলেও পরে ঢেউয়ের মধ্যে তিনি নিখোঁজ হয়ে যান। পরে পাশ দিয়ে যাওয়া একটি ট্রলার অন্য শ্রমিকদের উদ্ধার করে।
আরও পড়ুনঘটনার পরপরই স্থানীয়রা ৮ থেকে ১০টি ট্রলার নিয়ে নিখোঁজ জাহাঙ্গীরকে উদ্ধারে তল্লাশি শুরু করেন। একই সঙ্গে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
পাথরঘাটা বন কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে। পরে বন বিভাগের একটি দল নিয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। বর্তমানে বন বিভাগসহ সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে নিখোঁজ শ্রমিককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1784110111.jpg)

_medium_1784107951.jpg)
_medium_1784107563.jpg)




