ফ্রান্স সতর্ক করে হরমুজে মাইন অপসারণের প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালী মাইনমুক্তকরণে সহযোগিতার জন্য ফ্রান্স-সমর্থিত একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। একইসঙ্গে প্যারিসকে এমন উস্কানিমূলক আচরণের বিরুদ্ধে সতর্ক করেছে যা এই সংবেদনশীল সামুদ্রিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক অনুযায়ী, কৌশলগত এই জলপথে মাইন নিষ্ক্রিয়করণ অভিযান ‘একচেটিয়াভাবে ইরান’ পরিচালিত করবে। অন্য কোনো দেশ নয়। তিনি আরও বলেন, মাইন অপসারণ কার্যক্রমে কোনো সমান্তরাল ব্যবস্থা বা বিদেশি সম্পৃক্ততা বরদাস্ত করা হবে না। গরিবাবাদী বলেন, ‘আমরা ফ্রান্সকে তার উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতিকে আরও জটিল না করার জন্য কঠোরভাবে পরামর্শ দিচ্ছি।’
এর আগে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এক্স-এ একটি পোস্ট করেন। সেখানে তিনি বলেন যে, সামুদ্রিক পথ সুরক্ষিত করতে এবং এই কৌশলগত জলপথ দিয়ে অবাধ ও শর্তহীন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে ফ্রান্স ও ওমান অংশীদারদের সাথে সমন্বয় করে হরমুজ প্রণালী মাইনমুক্ত করার জন্য যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এর পরেই উপ-পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য আসে। ফ্রান্সে তার প্রথম সরকারি সফরের সময় প্যারিসে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সাথে আলোচনার পর ম্যাক্রোঁ ওই প্রস্তাব দেন।
আরও পড়ুনইরান বারবার বলে আসছে যে, হরমুজ প্রণালীতে নৌচলাচল ব্যবস্থাপনা, মাইন নিষ্ক্রিয়করণ অভিযান এবং অস্থায়ী সামুদ্রিক ব্যবস্থা ইসলামাবাদ স্মারকলিপির ৫ নং অনুচ্ছেদ দ্বারা পরিচালিত হয় এবং একটি উপকূলীয় রাষ্ট্র হিসেবে তা ইরানের সমন্বয়ের অধীনে থাকে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী, ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইলি সংঘাত শুরু হওয়ার পর বন্ধ করে দেয় ইরান। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








