অপ্রতিরোধ্য মেসিকে এমবাপ্পের তাড়া
অস্ট্রিয়ার বিপক্ষে আরও একবার দাপুটে পারফরম্যান্স লিওনেল মেসির। জোড়া গোলে গড়েছেন ইতিহাস। সাবেক জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন লিওনেল মেসি।
চূড়ার সেই আসনে অবশ্য নির্বিঘ্নে থাকতে পারছেন না আর্জেন্টাইন তারকা। তাকে তাড়া করে ফিরছেন ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপ্পে। সর্বোচ্চ গোলের এই রেকর্ডে মেসিকে রীতিমতো চোখ রাঙানি দিচ্ছেন এমবাপ্পে।
মেসির উজ্জ্বল পারফরম্যান্সের পরই ইরাকের বিপক্ষে মাঠে নামে ফ্রান্স। ঝড়-বৃষ্টিতে পরিবেশ খারাপ হলেও নিজের পারফরম্যান্সে এমবাপ্পে ছিলেন উজ্জ্বল। তিনিও জোড়া গোল করেছেন ইরাকের বিপক্ষে। এতে রেকর্ড গড়েছেন ফরাসি তারকাও।
বিশ্বকাপে ১৪টি গোল নিয়ে ইরাকের বিপক্ষে মাঠে নেমেছিলেন এমবাপ্পে। ম্যাচের ১৪তম মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁ পায়ের শটে গোল করে ফ্রান্সকে লিড এনে দেন তিনি। সেই সঙ্গে বিশ্বকাপে নিজের গোল সংখ্যা বাড়িয়ে নেন ১৫-তে।
ম্যাচের ৫৪তম মিনিটে ইরাকের ভুল কাজে লাগিয়ে প্লেসিং শটে বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন এমবাপ্পে। এটি ছিল বিশ্বকাপে তার ১৬তম গোল। এই গোলেই নাম যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ক্লোসার পাশে বসেন এমবাপ্পে।
শুধু ক্লোসার পাশেই নয় লিওনেল মেসিকেও তাড়া করছেন এমবাপ্পে। দুজনের গোলের পার্থক্য এখন দুটি। ফ্রান্সও ইতোমধ্যে নকআউট পর্বে কোয়ালিফাই করেছে। তাই এমবাপ্পের সামনে সুযোগ থাকছে মেসিকে ছুঁয়ে ফেলার। অবশ্য নকআউটে কোয়ালিফাই করা মেসির সামনেও সুযোগ আছে ব্যবধান আরও বাড়ানোর।
ইরাককে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর মেসিকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হন এমবাপ্পে। তখনই আর্জেন্টাইন অধিনায়ককে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। 'লিও সবসময় গোল করে, সে সবসময়ই করেছে এবং ভবিষ্যতেও করবে, লিও কী করছে সেদিকে যদি আমি মনোযোগ দিই, তাহলে আমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে।’
এরপর আরও স্পষ্ট করে এমবাপ্পে বলেন, 'আমি সে কী করছে, সেদিকে একদমই তাকাই না। আমি শুধু আমার দলকে সাহায্য করার কথাই ভাবি।’
বর্তমানে ৫ গোল নিয়ে ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়ে এককভাবে শীর্ষে আছেন লিওনেল মেসি (আলজেরিয়ার বিপক্ষে ৩টি ও অস্ট্রিয়ার বিপক্ষে ২টি)।
আরও পড়ুন
অন্যদিকে ৪টি করে গোল নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন কিলিয়ান এমবাপ্পে ও নরওয়ের আর্লিং হালান্ড। এমবাপ্পে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে দুটি করে মোট চার গোল করেছেন (ইরাক ও সেনেগালের বিপক্ষে)।
শীর্ষ দুই মহাতারকার পেছনে ৩টি করে গোল নিয়ে তালিকায় জায়গা করে নিয়েছেন জার্মানির ডেনিজ উন্দাভ এবং কানাডার জোনাথন ডেভিড। এছাড়া ব্রাজিলের মাতেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়রসহ আরও ১৬ জন খেলোয়াড় ২টি করে গোল নিয়ে এই তালিকায় নিজেদের অবস্থান ধরে রেখেছেন।
এক নজরে ২০২৬ বিশ্বকাপের শীর্ষ গোলদাতার তালিকা:
- লিওনেল মেসি (আর্জেন্টিনা): ৫ গোল
- কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স): ৪ গোল
- আরলিং হালান্ড (নরওয়ে): ৪ গোল
- জোনাথন ডেভিড (কানাডা): ৩ গোল
- ডেনিজ উন্দাভ (জার্মানি): ৩ গোল
সংক্ষেপে মেসির বিশ্বকাপ পরিসংখ্যান
- অংশগ্রহণ: ৬টি বিশ্বকাপ (২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২, ২০২৬)।
- মোট ম্যাচ: ২৮টি (বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ)।
- মোট গোল: ১৮টি (আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ)।
- অ্যাসিস্ট: ৮টি।
- শিরোপা: ১টি (২০২২)।
- গোল্ডেন বল (সেরা খেলোয়াড়): ২ বার (২০১৪, ২০২২)।
- ম্যান অফ দ্য ম্যাচ: ১১বার (বিশ্ব রেকর্ড)।
- মাঠে কাটানো সময়: ২,৪৮৪ মিনিট (বিশ্ব রেকর্ড)।
সংক্ষেপে এমবাপ্পের বিশ্বকাপ পরিসংখ্যান:
- মোট বিশ্বকাপ: ৩টি (২০১৮, ২০২২, ২০২৬)
- মোট ম্যাচ: ১৬টি
- মোট গোল: ১৬টি
- অ্যাসিস্ট: ৩টি
- শিরোপা: ১টি (২০১৮)
- গোল্ডেন বুট: ১টি (২০২২)
- ম্যান অফ দ্য ম্যাচ:৮বার
- মাঠে কাটানো সময়:১৩১০ মিনিট
মন্তব্য করুন









