ভিডিও বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৫ জুন, ২০২৬ ০৯:০৮ পিএম

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে নারীকে পিটিয়ে হত্যা

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে নারীকে পিটিয়ে হত্যা

কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধৈর পশ্চিম ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।  হত্যাকাণ্ডের শিকার রাশিদা আক্তার (৩৬) মহেশপুর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। 

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়,  রাশিদা বেগম বৃহস্পতিবার সকালে মাঠে গরু নিয়ে যাওয়ার সময় মহেশপুর গ্রামের রহিম মেম্বারের লোকজন রাশিদা আক্তারের ওপর হামলা চালায়। এ সময় রাশিদা আক্তারের দুই মেয়ে তাদের মাকে বাঁচাতে এগিয়ে গেলে তাদেরকেও পিটিয়ে আহত করে। পরে বাঙ্গরা বাজার থানার পুলিশ খবর পেয়ে রাশিদা আক্তার ও তার দুই মেয়েকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত রাশিদা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। ঢাকায় নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। 

এ বিষয়ে নিহত রাশিদা আক্তারের মেয়ে আহত সামিয়া আক্তার বলেন, আমার মা বাড়ি থেকে গরুগুলো নিয়ে যাওয়ার সময় দৌলতপুর গ্রাম থেকে রহিম মেম্বারের নেতৃত্বে তার লোকজন  আমার মাকে ধরে জোরপূর্বক আমাদের গ্রামে নিয়ে আসে। খবর পেয়ে আমি ও আমার বোন আমার মাকে উদ্ধার করতে দৌড়ে সেখানে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি আমার মা অজ্ঞান হয়ে পড়ে আছে আর তারা আমার মাকে পিটাচ্ছে। আমি আমার মায়ের বুকের উপর পরে তাদের কাছে আমার মায়ের প্রাণ ভিক্ষা চাইলেও তারা আমার মাকে না দিয়ে উল্টো আমাকে মারতে থাকে। আমার মাকে গাড়িতে উঠাতে চাইলে তারা গাড়িতে উঠাতে না দিয়ে উল্টো আমাকে বলে তোর মাকে শেষ করে দিছি, তুই আর মা ডাকতে পারবি না, এই বলে আমার বোনকেও মারতে থাকে। তখন আমি উপায়ান্তর না দেখে দৌড়ে বাঙ্গরা বাজার থানায় গিয়ে পুলিশকে জানালে তারা আমার মাকে উদ্ধার করে। পরে আমারা মাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যেতে বলে। এসময় সে কান্না জড়িত কন্ঠে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হত্যাকারীদের ফাঁসি দাবি করেন। 

আরও পড়ুন

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম জানান, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে নারীকে পিটিয়ে হত্যা

পাবনার সুজানগরে বখাটেদের উপদ্রব বেড়েছে

সারাদেশে মাদকসেবী ৮২ লাখ,বগুড়ায় ৫০ হাজার

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি

মিরসরাইয়ে ১৮০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার

রংপুরে বৃদ্ধকে গলাকেটে হত্যা মামলার আসামি কুমিল্লায় গ্রেফতার