ভিডিও মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৩ জুন, ২০২৬ ০৭:৪৮ পিএম

টাঙ্গাইলে স্কুলের টিউবওয়েলের পানি পান করে ৩৩ শিক্ষার্থী অসুস্থ

টাঙ্গাইলে স্কুলের টিউবওয়েলের পানি পান করে ৩৩ শিক্ষার্থী অসুস্থ

টাঙ্গাইলের নাগরপুরে এক শিক্ষাপ্রতিষ্ঠানের টিউবওয়েলের পানি পান করে ৩৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মামুদ নগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। টিউবওয়েলে বিষ (কীটনাশক) প্রয়োগ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। 

স্কুল সূত্রে জানা যায়, ক্লাস শুরু হওয়ার আগে শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে স্থাপিত টিউবয়েল থেকে পানি পান করে। এরপর তারা ক্লাসে এলে কয়েকজন শিক্ষার্থী একে একে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের চিকিৎসার জন্য দ্রুত নাগরপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

বিদ্যালয়ের দপ্তরি মিজানুর ঐ টিউবওয়েলের কাছে গিয়ে পলিথিনের মধ্যে পেঁচানো দুর্গন্ধযুক্ত কীটনাশক দেখতে পান বলে জানিয়েছেন।  

চিকিৎসারত শিক্ষার্থীরা জানায়, টিউবওয়েলের পানি পান করার কিছুক্ষণের মধ্যেই তাদের পেটে ব্যথা এবং বমি আসতে শুরু করে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান বলেন, টিউবওয়েলের কাছে গিয়ে সাদা পাউডার জাতীয় জিনিস দেখতে পাই। সেই সঙ্গে টিউবয়েলের পানি দিয়ে দুর্গন্ধ পাওয়া যায়। আমি দ্রুত অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার জন্য নাগরপুর সদর হাসপাতালে নিয়ে আসি এবং মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিষয়টি অবগত করি। 

আরও পড়ুন

উপজেলা শিক্ষা অফিসার মো. নাদির আহম্মেদ বলেন, পানিতে কী জাতীয় কীটনাশক দেওয়া হয়েছে তা পরীক্ষার জন্য ইউএনও মহোদয় ও স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে ল্যাবে পাঠানো হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদীর বলেন, অসুস্থ শিক্ষার্থীদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য শিক্ষার্থীরা আমাদের পর্যবেক্ষণে রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিন বলেন, সংবাদ পেয়ে শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছুটে আসি। প্রধান শিক্ষক, স্বাস্থ্য কর্মকর্তা ও থানা প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আইনি বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে স্কুলের টিউবওয়েলের পানি পান করে ৩৩ শিক্ষার্থী অসুস্থ

মধ্যনগরে বিবেশের প্রযোজনায় নওশাবা’র ‘সোমেশ্বরী’

গ্যালারিতে মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

বিয়েতে রাজি না হওয়ায় হবু স্বামীকে হত্যা কিশোরীর

রমার কন্ঠে পর্তুগীজ ভাষার ‘লামবাডা’ গানে মুগ্ধ দর্শক