মুসাফির সুফিয়ানা’ যাচ্ছে ওমানের আন্তর্জাতিক মঞ্চে
কক্সবাজারের সমুদ্রের ঢেউ আর নোনা বাতাসের শহরে বেড়ে উঠেছিলেন পারভেজ খান। ছোটবেলা থেকেই সন্ধ্যা নামলেই তিনি মুগ্ধ হয়ে শুনতেন সুফি আর কাওয়ালি গানের সুর। অন্যরা যখন খেলাধুলা কিংবা আড্ডায় ব্যস্ত থাকত, তখন পারভেজ হারিয়ে যেতেন গানের জগতে। তার মনে একটাই স্বপ্ন ছিল—একদিন তিনি এমন গান গাইবেন, যা মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। কিন্তু স্বপ্নের পথ কখনোই সহজ ছিল না। ছোট শহরের এক তরুণের জন্য বড় মঞ্চে পৌঁছানোর স্বপ্ন ছিল অনেক কঠিন। তবুও তিনি থেমে যাননি। বুকভরা সাহস আর অদম্য ইচ্ছাশক্তি নিয়ে একদিন কক্সবাজার ছেড়ে চলে আসেন ঢাকায়। নতুন শহর, নতুন মানুষ, নতুন সংগ্রাম—সবকিছুই ছিল তার জন্য এক কঠিন পরীক্ষা।
ঢাকায় এসে এক বন্ধুর সঙ্গে শুরু হয় তার নতুন যাত্রা। ধীরে ধীরে গড়ে ওঠে ‘মুসাফির সুফিয়ানা’ নামের একটি দল। উদ্দেশ্য একটাই-সুফি ও কাওয়ালি গানের সুরকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। এই দলে পারভেজ খান ভোকালিস্ট হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। ১৫ জনের সমন্বয়ে গঠিত এই সুসংগঠিত দলটিতে দক্ষতার সাথে কাজ করছেন নোমান ও সজীব (বেজ), অন্তর (কিবোর্ড), পিকে ও রাব্বি (ঢোলক), মেহেদী ও সাঈদ (হারমোনিয়াম ও ভায়োলিন), শরীফ, জাহিদ, সোহাগ (বোকালী) এবং সাদা (পারকাশন)। ১৫ সদস্যের এই দলটি শুধু একটি ব্যান্ড নয়, যেন এক পরিবার।
সংগ্রামের দিনগুলো সহজ ছিল না। কখনো অর্থের সংকট, কখনো সুযোগের অভাব, আবার কখনো নিজেদের প্রমাণ করার লড়াই—সবকিছুর মধ্য দিয়েই এগিয়ে যেতে হয়েছে তাদের। কিন্তু প্রতিটি বাধা যেন তাদের আরও শক্তিশালী করে তুলেছে।
অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। ওমানের মাসকাট থেকে এলো আমন্ত্রণ। ‘মাসকাট স্কাই ইভেন্ট’-এর আয়োজনে আন্তর্জাতিক মঞ্চে প্রথমবারের মতো পারফর্ম করার সুযোগ পেল ‘মুসাফির সুফিয়ানা’। বহুদিনের লালিত স্বপ্ন যেন বাস্তবের রূপ নিল।
আরও পড়ুনএই যাত্রার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাইফুল্লাহ আহমেদ সাইফ। তার সহযোগিতায় এখন পুরো দল ব্যস্ত প্রস্তুতিতে। তাদের লক্ষ্য একটাই-ওমানের মঞ্চে সুফি ও কাওয়ালির সুরে মুগ্ধ করা দেশি-বিদেশি শ্রোতাদের।
নিজের অনুভূতি জানাতে গিয়ে পারভেজ খান বলেন, “কক্সবাজার থেকে ঢাকা, তারপর আন্তর্জাতিক মঞ্চ-এই পথচলা সহজ ছিল না। অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজ আমরা এখানে পৌঁছেছি। আমাদের স্বপ্ন, বাংলাদেশের সুফি ও কাওয়ালিকে বিশ্বদরবারে তুলে ধরা।”
কক্সবাজারের সমুদ্রতীর থেকে শুরু হওয়া এই গল্প আজ পৌঁছে গেছে বিশ্বমঞ্চের দ্বারপ্রান্তে। পারভেজ খান ও ‘মুসাফির সুফিয়ানা’র এই যাত্রা যেন নতুন করে মনে করিয়ে দেয়-স্বপ্ন যদি সত্যি হয়, আর সেই স্বপ্নের পেছনে থাকে অক্লান্ত পরিশ্রম, তবে ছোট শহরের সীমানাও একদিন বিশ্বজয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








